প্রাণহীন ফোয়ারা আবর্জনার ভাগাড়!

ঝরনার পাইপে মরচে ধরেছে। পানি নোংরা। ভাসছে আবর্জনা। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, ছেঁড়া কাপড় ও ফলের ভাঙা ঝুড়ি। রাখা হয়েছে রয়েছে বাঁশও। বাইরের অংশে অপরিকল্পিতভাবে বেড়ে উঠছে ঘাস। এ চিত্র চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের ফোয়ারার। সৌন্দর্যবর্ধনের ফোয়ারাটি এখন পরিণত হয়েছে আবর্জনার ভাগাড়ে।
নগরের টাইগারপাস মোড়ে স্থাপন করা ফোয়ারাটিতেও অযত্নের ছাপ স্পষ্ট। গত শুক্রবার সরেজমিনে দেখা যায় এই দৃশ্য। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে ফোয়ারা দুটি এখন অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, ২০১১ সালে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় সৌন্দর্যবর্ধন করেছিল করপোরেশন। এর অংশ হিসেবে জিইসি মোড় ও টাইগারপাস মোড়ে দুটি দৃষ্টিনন্দন ফোয়ারা স্থাপন করা হয়। বায়োস্কোপ নামের একটি প্রতিষ্ঠান এসব ফোয়ারা নির্মাণ করে।
এদিকে ফোয়ারা দুটি না রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, ‘ফোয়ারাগুলো আর রাখা হবে না। চট্টগ্রাম নগরের সৌন্দর্যবর্ধনের জন্য বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার চিন্তাভাবনা করছেন মেয়র। এ জন্য দরপত্র আহ্বান করা হবে। তবে ইতিমধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান আমাদের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে প্রস্তাব দিয়েছে। তাদের প্রস্তাবগুলোও বিবেচনা করা হচ্ছে।’ সিটি করপোরেশনের আওতায় না রাখার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া হলে তারা ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারবে।’
সিটি করপোরেশনের দুই প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় ক্রিকেটারের ভাস্কর্য, রয়েল বেঙ্গল টাইগার, স্থাপনা শিল্প ও ফোয়ারা নির্মাণ করেছিল বেসরকারি বিজ্ঞাপনী প্রতিষ্ঠান বায়োস্কোপ। প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে এসব স্থাপনা নির্মাণ করেছিল। তবে প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রদর্শন ও ভাড়া দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটিই ফোয়ারাগুলোর রক্ষণাবেক্ষণ করত। তবে ২০১৪ সালের রক্ষণাবেক্ষণ কাজ বন্ধ করে দেওয়া হয়। এরপর সিটি করপোরেশনের পক্ষ থেকে বিভিন্ন সময় ফোয়ারাগুলো রক্ষণাবেক্ষণ করা হয়েছিল। তবে ২০১৫ সালের শুরু থেকে ফোয়ারাগুলো একেবারে বন্ধ করে দেওয়া হয়। তখন থেকে নিষ্প্রাণ অবস্থায় পড়ে আছে। বর্তমানে শুধু কাঠামোই রয়েছে।

সরেজমিনে দেখা যায়, নগরের জিইসি মোড়ের ফোয়ারায় শুধু একপাশে লোহার পাতের ঘেরাও আছে। তাতে লাগানো আছে বিভিন্ন প্রতিষ্ঠানের পোস্টার। লোহার পাতগুলো বেঁকে গিয়ে জরাজীর্ণ অবস্থায় আছে। আগে এর তিন পাশেই লোহার ঘেরাও ছিল।
টাইগারপাসের ফোয়ারায় অল্প পরিমাণ পানি আছে। তবে ঝরনায় পানি বের হওয়ার ছিদ্রগুলো নষ্ট হয়ে গেছে। পানির আধারের দেয়ালে শেওলা জন্মেছে। এদিকে ঝরনার সৌন্দর্য বৃদ্ধির জন্য পাশে লোহার পাত ও তার দিয়ে তৈরি করা ফড়িং ও প্রজাপতি বিবর্ণ হয়ে গেছে।
জিইসি মোড়ের ব্যবসায়ী সৈয়দ আমির হোসেন বলেন, একসময় পানির ফোয়ারাটি এ এলাকার সৌন্দর্য বৃদ্ধি
করেছিল। কিন্তু এখন এটির অবস্থা খুবই নাজুক। আর দেখতেও দৃষ্টিকটু।
পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সাধারণ সম্পাদক ও নগর পরিকল্পনাবিদ জেরিনা হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের এখানে হঠাৎ করে কিছু প্রকল্প নিয়ে অপরিকল্পিতভাবে নগরের সৌন্দর্যবর্ধন করা হয়। কিন্তু পরবর্তী সময়ে তা আর রক্ষণাবেক্ষণ করা হয়নি। দেখা যায় বছর দুয়েকের মধ্যে তা নষ্ট হয়ে যায়।’ তিনি আরও বলেন, নগরের সৌন্দর্যবর্ধনের বিষয়টি দেখার জন্য একটি নির্দিষ্ট বিভাগ থাকতে হবে। এ বিভাগ রক্ষণাবেক্ষণের কাজটি নিয়মিত করে যাবে।