জনবলসংকটের কারণে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রাণিসম্পদ উন্নয়নকেন্দ্রের (পশু হাসপাতাল) চিকিৎসার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই কেন্দ্রে প্রয়োজনের তুলনায় ওষুধের সরবরাহ কম বলেও জানা গেছে।প্রাণিসম্পদ উন্নয়নকেন্দ্র সূত্র জানায়, কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের মোট ১০টি পদ রয়েছে। বর্তমানে প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন—দুটি পদের একটি শূন্য এবং অন্য পদের কর্মকর্তা ছুটিতে। এ ছাড়া আরও চারজন লোকের সংকট রয়েছে।জানা যায়, গত বছরের শেষ দিকে ভেটেরিনারি সার্জন মোফাজ্জল হোসেন পদোন্নতি পেয়ে অন্যত্র বদলি হন। এর পর থেকে পদটি শূন্য। দুই মাসের ছুটি শেষে গত ১ আগস্ট কাজে যোগ দেওয়ার কথা ছিল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল হাইয়ের। কিন্তু তিনি নয় মাসের চিকিৎসা ছুটির জন্য আবেদন করেছেন। এ ব্যাপারে কথা বলতে আবদুল হাইয়ের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি তা ধরেননি।সূত্র জানায়, কেন্দ্রটিতে একমাত্র ড্রেসারের পদ ও প্রাণিসম্পদ সহকারীর একটি পদও শূন্য রয়েছে। এ ছাড়া প্রায় এক বছর আগে একজন ভেটেরিনারি মাঠ সহকারী দুই বছরের প্রশিক্ষণে গেছেন।গত মঙ্গলবার প্রাণিসম্পদ উন্নয়নকেন্দ্রে গিয়ে দেখা যায়, অ্যানথ্রাক্সের প্রতিষেধক (টিকা) দেওয়ার জন্য গরু নিয়ে কৃষকেরা ভিড় করেছেন। ভেটেরিনারি মাঠ সহকারী (ভিএফএ) নূরুল ইসলাম গবাদিপশুকে ভ্যাকসিন দিতে ব্যস্ত। তিনি প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালে কাজ করতে হয়, আবার মাঠপর্যায়েও যেতে হয়। এ কারণে হিমশিম খাচ্ছি।’গরুকে অ্যানথ্রাক্সের টিকা দিতে আসা কৃষক আ. রাজ্জাক, মিনা হোসেন, গনি মিয়া, ফরিদ মিয়া ও রহিম অভিযোগ করেন, ‘বড় ডাক্তর ছাড়াই এহানে চিকিৎসা চলে। আর সব ওষুধই বাইরে থাইক্যা কিনতে অয়।’কিষানি কল্পনা দেবনাথের (৪২) মন্তব্য, ‘এই হাসপাতালে সহকারীরাই চিকিৎসা করে।’নূরুল ইসলাম বলেন, ‘প্রয়োজনের তুলনায় এখানে ওষুধের সরবরাহ কম। তাই যা পাই, তা দিয়েই আমাদের কাজ চালাতে হয়।’জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘জনবলসংকটের কারণে আমাকে কেন্দুয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দায়িত্বও পালন করতে হচ্ছে।’ তিনি জানান, জেলা থেকে দুজন ভেটেরিনারি সার্জন সপ্তাহের কয়েক দিন সেখানে গিয়ে পালা করে দায়িত্ব পালন করছেন। শূন্য পদ পূরণে দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়েছে।