প্রাণিসম্পদ কর্মকর্তাদের ঘুম না ভাঙলে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেছেন, প্রাণিসম্পদ কর্মকর্তারা এখনো গভীর ঘুমে রয়েছেন। তাঁদের ঘুম না ভাঙলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গরু মোটাতাজাকরণ ও আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গতকাল রোববার আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

রাজধানীর স্থানীয় সরকার অধিদপ্তর মিলনায়তনে এ আলোচনা সভা হয়। সভায় ছায়েদুল হক প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাবধান করে দিয়ে বলেন, ‘আপনারা এখনো কিছু হলেই নেতার কাছে ছুটে যান। এসব বন্ধ করেন। আপনারা চেইন অব কমান্ড ভাঙার চেষ্টা করবেন না। অতীতে যা হয়েছে তা ভুলে যান। যাঁরা এসব করে বেড়ান, তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘প্রাণিসম্পদ কর্মকর্তারা মৎস্য কর্মকর্তাদের চেয়ে পিছিয়ে রয়েছেন। প্রাণিসম্পদ কর্মকর্তাদের প্রধান কাজ খামারি এবং কৃষকেরা গরু মোটাতাজা করায় কোনো নিষিদ্ধ ওষুধ ব্যবহার করছেন কি না, তা দেখা; দেশের মানুষের জন্য মাংস ও দুধ প্রাপ্তি নিশ্চিত করা। কিন্তু আমি এখানে আসার আগে এখানে বদলি-বাণিজ্য হতো। এখন হচ্ছে না।’ তিনি মাঠে গিয়ে কর্মকর্তাদের কাজ করার পরামর্শ দেন।

সভায় পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক আবদুল আলীম মাহমুদ বলেন, মৎস্য ও প্রাণী খাদ্য আইন, ২০১০ অনুযায়ী কোনো খামারি বা কৃষক যদি গরুকে নিষিদ্ধ ওষুধ খাওয়ান, তাহলে তাঁর বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার অধিকার পুলিশের নেই। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অথবা তিনি কাউকে দায়িত্ব দিলে তিনি যদি কারও বিরুদ্ধে অভিযোগ করেন, তবেই পুলিশ মামলা করতে পারে।

সভায় আরও বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুর আলী। মূল বক্তব্য উপস্থাপন করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রধান প্রাণী চিকিৎসা কর্মকর্তা এ বি এম শহীদ উল্লাহ।