প্রাণিসম্পদ রক্ষায় সচেতনতা বৃদ্ধিকরণ সভা
‘সময়মতো টিকা দিলে, অর্থ সম্পদ দুই মিলে’ স্লোগান নিয়ে গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মমিনপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া হয়বৎপুর গ্রামে প্রাণিসম্পদ রক্ষায় জলবায়ু পরিবর্তনে দুর্যোগ ঝুঁকি কমানোর জন্য সচেতনতা বৃদ্ধিকরণ সভা হয়েছে।
প্র্যাক্টিক্যাল অ্যাকশন বাংলাদেশ ও কারিতাস দিনাজপুর অঞ্চলের আয়োজনে এ সভা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঙ্গাপাড়া বিক্রয় ও সেবাকেন্দ্রের সভাপতি হাসনা বানু।
প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা প্রাণিসম্পদের ভেটেরিনারি সার্জন আসাদুজামান। বিশেষ অতিথি ছিলেন ক্যাফোর্ড-এর কনসোর্টিয়াম কো-অর্ডিনেটর আবদুল মান্নান। অন্যদের মধ্যে গ্রাম্য পশু ডাক্তার নাজমুল হোসেন, ভ্যাকসিনেটর ফজিলা খাতুন, ডাঙ্গাপাড়া বিক্রয় ও সেবা কেন্দ্রের সাধারণ সম্পাদক আয়শা সিদ্দিকা, খামারি মর্জিনা খাতুন, প্র্যাক্টিক্যাল অ্যাকশন বাংলাদেশের মার্কেট ডেভেলপমেন্ট ফিল্ড ফ্যাসিলিটের রাকিবুজ্জামান, কারিতাস দিনাজপুর অঞ্চলের মাঠ কর্মকর্তা যোসেফ সরেন, এসিআইয়ের প্রতিনিধি জাফিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উন্নয়নশীল দেশগুলো বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রকৃতির বিরূপ প্রতিক্রিয়ায় ফসলাদিসহ গবাদিপশু-পাখির রোগবালাই বৃদ্ধি পেয়েছে। এসব রোগবালাই থেকে রক্ষা পেতে টিকার কোনো বিকল্প নেই।
আসাদুজামান বলেন, অসচেতনতার কারণে ও কুসংস্কারে বিশ্বাস করে অনেকেই পশু-পাখির টিকা বা চিকিৎসা করেন না। অথচ ১৫ থেকে ৫০ পয়সা খরচ করলে গবাদিপশু ও পাখির টিকা দেওয়া যায়। সরকার এসব সম্পদ রক্ষায় বিশেষ গুরুত্বারোপ করেছে।