প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি পালিত

রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে গতকাল শনিবার শোভাযাত্রা ও আলোচনাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। ‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি-সুস্থ সবল মেধাবী জাতি’ স্লোগান নিয়ে গত বৃহস্পতিবার এ সেবা সপ্তাহ শুরু হয়। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
নীলফামারীতে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে একাডেমির মিলনায়তনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহজালাল খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভা হয়। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম এরশাদ আহসান হাবিব, পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।
কুড়িগ্রামে সকালে একটি শোভাযাত্রা জেলা প্রশাসন চত্বর থেকে বের হয়ে প্রাণিসম্পদ চত্বরে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দীপক রঞ্জন রায়, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হাবিবুর রহমান প্রমুখ। এ সময় খামার মালিকেরা সহজ শর্তে ঋণসুবিধা এবং পশু ও পোলট্রি খাদ্য সহজলভ্য করার দাবি জানান।
পঞ্চগড়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ নাজমুল হক প্রধান। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম আজমের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন পিতাম্বর রায়, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেবাশীষ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর দুপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা করে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন। ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এনামুল হক, পোলট্রি ফার্ম অ্যাসোসিয়েশনের মিজানুর রহমান প্রমুখ।
দিনাজপুরের পার্বতীপুরে বেলা ১১টায় প্রাণিসম্পদ কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইদ্রীস আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। বক্তব্য দেন ইউএনও তরফদার মাহমুদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন আসাদুজ্জামান প্রমুখ।
রংপুরের তারাগঞ্জ উপজেলায় সকাল ১০টায় উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা হয়। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, ইউএনও জিলুফা সুলতানা, কৃষি কর্মকর্তা রেজাউল করিম, প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রমুখ।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন ইউএনও ইফতেখারুল ইসলাম খন্দকার। প্রধান অতিথি ছিলেন সাংসদ মো. ইয়াসিন আলী।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা মিলনায়তনে ইউএনও খন্দকার মো. নাহিদ হাসানের সভাপতিত্বে সভা হয়। সভায় উপজেলা চেয়ারম্যান মো. আইনুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
(প্রতিবেদন তৈরিতে সাহায্য করেছেন কুড়িগ্রাম অফিস, নীলফামারী ও সৈয়দপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও পীরগঞ্জ, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি)