এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি’
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু
শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচিতে গতকাল শনিবার চুয়াডাঙ্গা, রাজবাড়ী ও মেহেরপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৭ শুরু হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি’। প্রতিনিধিদের পাঠানো খবর:
সকাল ১০টায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন চুয়াডাঙ্গা জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে কর্মসূচি উদ্বোধন করেন। পরে সেখান থেকে শোভাযাত্রা বের হয়। সেটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল কুমার পাল। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ এইচ এম শামীমুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) কলিমুল্লাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র একরামুল হক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান।
রাজবাড়ীর সংরক্ষিত নারী আসনের সাংসদ কামরুন্নাহার চৌধুরী সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি উদ্বোধন করেন। সেখান থেকে বের হওয়া শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফ হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গণেশ চন্দ্র মণ্ডল, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. আছাদুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রকিব উদ্দিন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুল্লাহ মো. আহসান প্রমুখ বক্তব্য দেন।
দুপুরে জেলা শহরের প্রত্যয় স্কুলে স্কুল ফিডিং কার্যক্রম এবং জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে প্রাণিসম্পদবিষয়ক মেলা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের চত্বরে সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুশান্ত কুমার হালদার। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক খাইরুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা মেজবাহুল হক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।