প্রাণী উদ্ধার-স্থানান্তরে একটি মাত্র পিকআপ ভ্যানই ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ষোলশহরে অবস্থিত বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে প্রাণী উদ্ধার, রক্ষণাবেক্ষণ এবং স্থানান্তরব্যবস্থা অত্যন্ত সীমিত। একটিমাত্র পিকআপ ভ্যান দিয়েই চলে বিভিন্ন এলাকা থেকে বন্য প্রাণী উদ্ধার এবং সেগুলোকে কক্সবাজারের বঙ্গবন্ধু সাফারি পার্কে স্থানান্তরের কাজ। সংকট রয়েছে প্রয়োজনীয় লোকবলেরও। বিষয়টি স্বীকার করে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার প্রথম আলোকে বলেন, ‘আমরা সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও বন্য প্রাণী সংরক্ষণে যথাসাধ্য কাজ করে যাচ্ছি। এ ক্ষেত্রে আমাদের আন্তরিকতার অভাব নেই।’বন্য প্রাণী সংরক্ষণ বিভাগ সূত্রে জানা যায়, বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া খবরের ভিত্তিতে নগর এবং শহরতলির বিভিন্ন এলাকা থেকে বন্য প্রাণী উদ্ধার করে এখানে আনা হয়। এরপর বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে এসব প্রাণীকে নিয়ে যাওয়া হয় প্রায় ১১২ কিলোমিটার দূরের সাফারি পার্কে। প্রায় সাড়ে তিন ঘণ্টার পথ পাড়ি দিয়ে সেখানে পৌঁছার পরই তার প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়। এর আগ পর্যন্ত প্রাণীটিকে ষোলশহর কেন্দ্রে রাখা এবং দেখাশোনার তেমন কোনো ব্যবস্থাই নেই এখানে। শুধু তা-ই নয়, যে পিকআপ ভ্যান দিয়ে প্রাণীটিকে উদ্ধার করে আনা হয়, সেটি দিয়েই আবার সাফারি পার্কে নেওয়া হয়। এ ছাড়া প্রয়োজনীয় লোকবলের অভাবেও বিভিন্ন অভিযান পরিচালনা ও তদারকিতে সমস্যা হয় বলে জানা গেছে। বর্তমানে বন্য প্রাণী সংরক্ষণ বিভাগে ছয়জন সহকারী বন সংরক্ষণ কর্মকর্তার বিপরীতে মাত্র একজন কর্মরত আছেন। ২৮ জন ফরেস্ট গার্ডের জায়গায় ছয়জন এবং ২০ জন ফরেস্টারের পদে কাজ করছেন মাত্র আটজন।বন্য প্রাণী উদ্ধার এবং সাফারি পার্কে স্থানান্তরের জন্য দুটি পিকআপ ভ্যান থাকলেও এর একটি অকেজো। এসব সংকটের মধ্য দিয়েই গত বছরের জুলাই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে চট্টগ্রাম বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ১৪৫টি প্রাণী উদ্ধার করেছে। এর মধ্যে জুলাই থেকে নভেম্বর মাসে লামা থেকে ১২টি এবং হাটহাজারী এলাকার একটি বাড়ি থেকে একটি মায়া হরিণ উদ্ধার করে। এ ছাড়া ডিসেম্বর মাসে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ১৩০টি কচ্ছপ, নভেম্বরে খাগড়াছড়ি থেকে একটি বিল্টু রং (গাছ ভালুক) এবং ডিসেম্বরে কেওক্রাডং থেকে একটি ভালুক উদ্ধার করা হয়েছে।