প্রাণী চিকিৎসা প্রশিক্ষণ শিক্ষায়তন চলছে খুঁড়িয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারীতে অবস্থিত প্রাণী চিকিৎসা প্রশিক্ষণ শিক্ষায়তন (ভিটিআই) প্রয়োজনীয় লোকবল ও অবকাঠামোর অভাবে খুঁড়িয়ে চলছে। প্রতিষ্ঠানটিতে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৫টি জেলায় প্রাণিসম্পদ বিভাগে কর্মরত মাঠকর্মীদের দক্ষতা বাড়াতে চাকরিকালীন প্রশিক্ষণ দেওয়া হয়।কুমারী গ্রামে ১৯৭৮ সালে ১০ দশমিক ৪ একর জমির ওপর ওই শিক্ষায়তনটি প্রতিষ্ঠিত হয়। দুই কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে সে সময় একটি মিলনায়তন, পাঁচটি কক্ষের শিক্ষায়তন, একটি গ্যারেজ, পাঁচটি কক্ষের প্রাণী হাসপাতাল, দুটি ছাত্রাবাস ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবন এবং একটি মসজিদ নির্মাণ করা হয়। ১৯৮০-৮১ শিক্ষাবর্ষে এখানে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়।সরেজমিনে দেখা যায়, শিক্ষায়তন হিসেবে নির্মিত পাঁচটি কক্ষের মধ্যে চারটিতে প্রশাসনিক কার্যক্রম চালানো হচ্ছে। অবশিষ্ট একটি কক্ষ ও মিলনায়তনটি শিক্ষায়তন হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রশিক্ষণার্থী সাতক্ষীরার মোহাম্মদ আলী জানান, প্রায় তিন যুগ আগে তৈরি ছাত্রাবাসের দরজা-জানালা সবই নড়বড়ে। প্রতিটি কক্ষের রং চটে গেছে ও পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে। আবাসিক ভবনগুলো গণপূর্ত বিভাগ সাত বছর আগে পরিত্যক্ত ঘোষণা করায় সংশ্লিষ্ট ব্যক্তিরা আলমডাঙ্গা শহরে বাসাভাড়া নিয়ে বসবাস করেন।প্রতিষ্ঠানটিতে সহকারী অধ্যাপকের ছয়টি পদের মধ্যে তিনটি পদই শূন্য দীর্ঘদিন ধরে। এর মধ্যে ভেটেরিনারি সার্জনের দুটি, পশুসম্পদ কর্মকর্তা, সহকারী গ্রন্থাগারিক, ল্যাবরেটরি টেকনিশিয়ান ও মিলকার পদে কোনো লোকবল নেই। তা ছাড়া ছয়টি প্রভাষকের মধ্যে চারটি, দুটি হসপিটাল অ্যাটেনডেন্টের মধ্যে একটি, তিনটি অ্যানিমেল অ্যাটেনডেন্টের মধ্যে একটি, দুটি পোলট্রি অ্যাটেনডেন্টের মধ্যে একটি ও প্রহরী তিনটি পদের মধ্যে একটি পদ শূন্য।সীমিত লোকবল ও অবকাঠামোর অভাবের মধ্যেই এখানে ২৫টি জেলার প্রাণিসম্পদ বিভাগে কর্মরত মাঠকর্মীদের প্রশিক্ষণ, প্রাণিসম্পদ বিভাগীয় মাঠকর্মীদের কারিগরি শিক্ষা বোর্ডের অধীন দুই বছর মেয়াদি ডিপ্লোমা ইন অ্যানিমেল হেলথ অ্যান্ড প্রোডাকশন (ইনসার্ভিস মেকআপ কোর্স) প্রশিক্ষণ, নিয়মিত ব্যাচের এক বছর মেয়াদি প্রশিক্ষণ, প্রাণিসম্পদ পরিদর্শক প্রশিক্ষণ, কৃষক প্রশিক্ষণ, পশুপালন বিভাগীয় মাঠকর্মী প্রশিক্ষণ ও আনসার-ভিডিপি সদস্যদের ছাগল পালনের ওপর প্রশিক্ষণ অব্যাহত রয়েছে। এখন আবাসিক প্রশিক্ষণার্থী হিসেবে ২৫৯ জন দুই বছর ও ৩৫ জন এক বছর মেয়াদি প্রশিক্ষণ নিচ্ছেন।শিক্ষায়তনের অধ্যক্ষ অরবিন্দ শেখর দে জানান, অবকাঠামোর উন্নয়ন ও শূন্য পদে লোকবল নিয়োগের জন্য অধিদপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। এর মধ্যে শূন্য পদে শিগগির লোকবল পূরণের আশ্বাস মিলেছে।