প্রাণী রক্ষায় ফায়ার সার্ভিস
উত্তরা আবাসিক এলাকায় থাকেন আবদুর রহমান। ঈদের আগে কোরবানির জন্য হাট থেকে একটি গরু কিনে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই গরুটি একটি নর্দমায় পড়ে যায়। দুশ্চিন্তা শুরু হয় তাঁর। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা গরুটি উদ্ধার করেন। চিন্তামুক্ত হন ওই ব্যক্তি। মোহাম্মদপুরের ফরিদাবাদ আবাসিক এলাকার আবদুর রহিমের গরুটি আটকা পড়েছিল নির্মাণাধীন একটি ভবনের পানির ট্যাংকে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেটি উদ্ধার করেন। একইভাবে নিউ ইস্কাটনের একটি পানির রিজার্ভে পড়ে যাওয়া আরেকটি গরু উদ্ধার করেন সদর দপ্তরের কর্মীরা। কেবল কোরবানির গরুই নয়, বিচিত্র এই উদ্ধারের তালিকায় আছে একটি জার্মান শেফার্ড কুকুরও। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সূত্রে জানা গেছে, ধানমন্ডির একটি বাড়ি থেকে ঈদের দিন সন্ধ্যায় একটি শেফার্ড কুকুর উদ্ধার করা হয়। ১২ তলা ভবনের ছাদে দৌড়াদোড়ি করার সময় লিফটের খালি স্থান দিয়ে কুকুরটি নিচে পড়ে যায়। চরম উদ্বিগ্ন হয়ে পড়েন কুকুরটির মালিক। কোনো উপায় না দেখে খবর দেন ফায়ার সার্ভিসে। এরপর পলাশী ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রুদ্ধশ্বাস অভিযানে কুকুরটিকে নিরাপদে উদ্ধার করেন।উদ্ধারের তালিকায় আছে তিনটি বিড়ালও। ধানমন্ডি, নিকেতন ও মিরপুর এলাকায় কার্নিশে আটকা পড়ে ওই তিনটি পোষা বিড়াল উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এসব উদ্ধারকাজ সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্সের সিনিয়র স্টাফ অফিসার আকরাম হোসেন প্রথম আলোকে বলেন, কোথাও আগুন লাগলে বা মানুষের যেকোনো বিপদ-আপদে ফায়ার সার্ভিস পাশে থাকে। কিন্তু অনেকেই জানেন না, গরু-ছাগল, পোষা বিড়াল, কুকুর বা অন্য যেকোনো প্রাণী বিপদে পড়লেও ফায়ার সার্ভিসের কর্মীরা সেগুলোকে উদ্ধার করেন।