প্রাণীরোগ গবেষণাগারটি কাজে আসছে না
গাইবান্ধায় আঞ্চলিক প্রাণীরোগ অনুসন্ধান গবেষণাগারে (এফডিআইএল) মোট নয়জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে সাতটি পদ দুই বছর ধরে শূন্য রয়েছে। বর্তমানে একজন অফিস সহকারী নিয়ে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া লোকবলের অভাবে কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি অব্যবহূত অবস্থায় পড়ে আছে। ফলে গবেষণাগারটি মানুষের কোনো কাজে আসছে না।
গাইবান্ধা সদর উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন আবদুস সামাদ বলেন, পশুর রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা করে এফডিআইএল। কিন্তু সেখানে লোকবল না থাকায় নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠাতে হচ্ছে। ঢাকা থেকে প্রতিবেদন পেতে দেরি হওয়ায় প্রাণীসম্পদ কার্যালয় থেকে সঠিক সময়ে পশুর চিকিৎসা দেওয়া যাচ্ছে না।
এফডিআইএল সূত্র জানায়, গবাদিপশু ও হাঁস-মুরগির মলমূত্র, রক্ত, ভিসেরা পরীক্ষা ও ময়নাতদন্তের মাধ্যমে রোগ নির্ণয়ের জন্য ১৯৮৪ সালে শহরের বোর্ড বাজার এলাকায় গবেষণাগারটি স্থাপিত হয়। সে সময় প্রয়োজনীয় লোকবল থাকলেও যন্ত্রপাতির অভাবে পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হয়নি। স্থানীয় জনগণের দাবি-দাওয়ার পরিপ্রেক্ষিতে ২০১০ সালে গবেষণাগারে প্রায় এক কোটি টাকা মূল্যের অত্যাধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হয়। ওই বছর গবেষণাগারে একজন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, একজন বৈজ্ঞানিক কর্মকর্তা, পাঁচজন ল্যাব টেকনিশিয়ান, একজন অফিস সহকারী ও একজন ঝাড়ুদার কর্মরত ছিলেন। ২০১১ সালের মধ্যে পাঁচজন ল্যাব টেকনিশিয়ান বদলি হন। গত বছর বদলি হয়ে অন্যত্র চলে যান একজন বৈজ্ঞানিক কর্মকর্তা। বর্তমানে একজন অফিস সহকারী নিয়ে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
খামার মালিক তপন কুমার ও তনু মিয়া অভিযোগ করেন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না। তাঁর অনুপস্থিতিতে দৈনিক হাজিরার ভিত্তিতে নিয়োগ করা কর্মচারী আকতার মিয়া গবাদিপশুর মলমূত্র পরীক্ষা-নিরীক্ষা করছেন। অথচ অষ্টম শ্রেণী পাস ওই কর্মচারীর এসব বিষয়ে কোনো প্রশিক্ষণও নেই। প্রতিষ্ঠানটি লোকজনের কোনো কাজেই আসছে না।
আকতার মিয়া বলেন, ‘২০ বছর থেকে চাকরি করায় দেখতে দেখতে অভিজ্ঞতা হয়েছে। তাই স্যার না থাকলে পরীক্ষা-নিরীক্ষা করি।’
অভিযোগ অস্বীকার করে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সাইদুর রহমান বলেন, অফিসের নানা কাজে ঢাকা যেতে হয়। প্রয়োজনীয় লোকবলের অভাবে মূল্যবান যন্ত্রপাতি কাজে লাগানো যাচ্ছে না। প্রয়োজনীয় লোকবল চেয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’