প্রাণে গানে বৈশাখ

গাছে গাছে নতুন পাতা। চকচক করছে প্রখর রোদে। বাজারে, দোকানে লাল-সাদা নতুন পোশাকের সমাহার। রাজধানীর পথে পথে ফেরিওয়ালারা বিক্রি করছেন ডুগডুগি, নলখাগড়ার বাঁশি, বাঁশ-বেতের ঝুরি-মোড়া। ওদিকে চারুকলায় তো রীতিমতো সাজ সাজ রব শুরু হয়েছে আরও আগে থেকেই। যে জন্য এত আয়োজন, আজ সেই নববর্ষ। বাঙালির জীবনের উৎসবের রং ছড়িয়ে এল পয়লা বৈশাখ।
টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারা বাংলা আজ ভাসবে বিপুল আনন্দের উচ্ছ্বাসে। ধর্ম-বর্ণ, শ্রেণী-পেশা, বয়সনির্বিশেষ সব মানুষ শামিল হবেন বৈশাখী উৎসবে। সব ভেদাভেদ ভুলে কায়মনে বাঙালি হওয়ার প্রেরণায় দীপ্ত বাঙালি বরণ করবে ১৪২১ বঙ্গাব্দকে।
ঐতিহাসিকদের মতে, বৈদিক যুগে বাংলা সনের প্রথম মাস ছিল অগ্রহায়ণ। সম্রাট আকবর ফসলি সন হিসেবে বৈশাখ মাসকে প্রথম ধরে বাংলা বর্ষপঞ্জি প্রবর্তন করেন। বৈশাখ মাস থেকে বাংলায় প্রথম খাজনা আদায় করা শুরু করেন নবাব মুর্শিদকুলি খান। জমিদারি আমলে পয়লা বৈশাখের প্রধান আয়োজন ছিল খাজনা আদায় উপলক্ষে ‘রাজপুণ্যাহ’ ও ব্যবসায়ীদের ‘হালখাতা’। জমিদারি প্রথা বিলোপের পর ‘রাজপুণ্যাহ’ লুপ্ত হয়ে যায়। ব্যবসা-বাণিজ্য, লেনদেনেও আসে পরিবর্তন। হালখাতাও জৌলুশ হারিয়ে ফেলে। ইদানীং নাগরিক জীবনে যে সাংস্কৃতিক চেতনায় পয়লা বৈশাখের উৎসব হচ্ছে, তা প্রবর্তনের কৃতিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের। তিনিই প্রথম শান্তিনিকেতনে ঋতুভিত্তিক উৎসবের আয়োজন করেন। এর অংশ হিসেবে বৈশাখ বরণের উৎসবের জন্য বাংলা নতুন বছরকে সম্ভাষণ জানিয়ে রচনা করেছেন বহু কালজয়ী সংগীত ও কবিতা। বাঙালির কণ্ঠে আজ ছড়িয়ে যাবে সেই চেনা সুর ‘এসো হে বৈশাখ এসো এসো...।’
আধুনিক জীবনযাত্রার নানাবিধ প্রয়োজনে সব ক্ষেত্রে বাংলা সনের অনুসরণ এখন আর সম্ভব না হলেও নিজের বর্ষপঞ্জিটি নিয়ে বাঙালির রয়েছে বিশেষ গৌরব। পয়লা বৈশাখ নেহাত একটি বছরের শুরুর দিন নয় বাংলাভাষীদের কাছে। এটি এই জনপদের মানুষের সুদীর্ঘকালের আপন সাংস্কৃতিক চেতনা ও ঐতিহ্যের স্মারক। আপন জাতিসত্তায় অনুপ্রাণিত হওয়ার উৎস। সাম্প্রদায়িক ভেদাভেদের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যবোধে দীপ্ত হওয়ার উপলক্ষও। এ কারণেই এই উৎসবের গুরুত্ব দিনে দিনে বৃদ্ধি পেয়েছে। পরিণত হয়েছে বাঙালি জাতির জীবনে এক মহৎ উৎসব হিসেবে।
দিনটি সরকারি ছুটি। তাই ভোর থেকেই আজ রাজধানীর পথে পথে ঢল নামবে উৎসবমুখর নগরবাসীর। লাল-সাদা হলো বৈশাখী উৎসবের প্রধান রং। নারীদের পরনে থাকবে সুতির শাড়ি। হাতে কাচের চুড়ি, কবরীতে তাজা ফুলের মালা। পুরুষদের পোশাক হবে রঙিন। প্রধানত পাঞ্জাবি। কেউ যোগ দেবেন মঙ্গল শোভাযাত্রায়, কেউ যাবেন গান শুনতে। পথের পাশের পসরা থেকে লোকজ খেলনা, কারুপণ্য কেনাকাটা করবেন অনেকে। আবার অনেকে উদ্যানের ছায়ায় বা লেকের পাড়ে বসে মেতে উঠবেন আড্ডায়।
পোশাক-আশাকের মতো আহারেও আজ প্রাধান্য পাবে বাঙালির চিরকালের পছন্দের খাদ্যগুলো। পান্তা, ইলিশ, হরেক রকমের ভর্তা, ভাজি, আচার, চাটনিতে তৃপ্ত হবে রসনা। আহারে-বিহারে কেটে যাবে বছরের প্রথম দিনটি।
আজকের আয়োজন: দিনের আয়োজনের মধ্যে অন্যতম রমনার বটতলায় ছায়ানটের প্রভাতি গানের অনুষ্ঠান। এটি শুরু হবে ভোর ছয়টা ১৫ মিনিটে। এবার তাদের অনুষ্ঠানের মূল ভাবনা ‘স্বদেশ ও সম্প্রীতি’।
চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা বের হবে সকাল নয়টায়। নববর্ষের প্রধান বর্ণাঢ্য এই আয়োজনের এবারের স্লোগান ‘জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে’। শিশুপার্কের সামনে নারকেলবীথি চত্বরে সকালে হবে ঋষিজের গানের অনুষ্ঠান। ধানমন্ডির রবীন্দ্রসরোবরে ধানমন্ডি ক্লাবের আয়োজনে বৈশাখ বরণের অনুষ্ঠান শুরু হবে সকাল ছয়টায়।
বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে গতকাল থেকেই শুরু হয়েছে তিন দিনের অনুষ্ঠান। সুরের ধারার আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চৈত্রসংক্রান্তির উপলক্ষে গানের অনুষ্ঠান শুরু হয়েছে গতকাল, আজ সকালে সহস্র কণ্ঠের গানে গানে আবাহন জানানো হবে নতুন বছরকে। ধানমন্ডি সাত মসজিদ রোড থেকে সকাল সাড়ে ১০টায় ‘আমাদের বাংলা শোভাযাত্রা’ শীর্ষক মঙ্গল শোভাযাত্রা করবে ইউডা।
শিল্পকলা একাডেমীতে তাদের প্রাঙ্গণে বর্ষবরণের অনুষ্ঠান হবে সন্ধ্যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে সকাল সাড়ে নয়টায়। সারগাম ললিতকলা একাডেমির আয়োজনে গানের অনুষ্ঠান হবে সকাল আটটায় ধানমন্ডি লেকের পাশে। জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সকাল নয়টা থেকে শুরু হবে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গে থাকবে বিশেষ ভোজ। বৈশাখী মেলা শুরু হবে বিসিক ও বাংলা একাডেমির যৌথ আয়োজনে একাডেমি প্রাঙ্গণে, মেলা চলবে ১০ দিন।
বাণী: বাংলা নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ ও বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা দেশবাসী ও প্রবাসী বাঙালিদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তাদের কল্যাণময় জীবন কামনা করেছেন।