প্রাণে প্রাণে ভালোবাসার উষ্ণতা
দিবসটি নিতান্তই প্রতীকী। ভালোবাসার জন্য আবার আলাদা করে দিনক্ষণ কী? ভালোবাসা তো জনম জনমের। কিন্তু প্রেমিক-প্রেমিকার দরকার একটি উপলক্ষ। একে অপরের আরও কাছে আসার, আরও বেশি করে ভালোবাসার। গতকাল রোববার সারা শহরে তরুণ-তরুণীরা ব্যস্ত ছিল এই দিনটিকে নিয়ে। প্রাণে প্রাণে ছড়িয়েছে ভালোবাসার উষ্ণতা।আগের দিন শনিবার ছিল বসন্ত উত্সব। প্রাণপ্রাচুর্যে ভরা ঋতুটির দ্বিতীয় দিনে পালিত হলো ভ্যালেন্টাইনস ডে। ফাল্গুনের রঙের আবীর আর ভালোবাসার স্নিগ্ধ পরশ মেখে আনন্দ-উচ্ছল হয়ে উঠেছিল রাজধানী। রঙিন শাড়ি বিশেষ করে বাসন্তী কিংবা নানা বাহারি নকশার শাড়ি আর পুষ্পবেণীতে সজ্জিত নারী; পাজামা-পাঞ্জাবি, ফতুয়ায় সজ্জিত পুরুষ দিনভর শহরকে বর্ণিল করে তুলেছিল। প্রতিবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকা, বিভিন্ন উদ্যান আর বিপণিকেন্দ্রগুলোতে ভিড় ছিল তরুণ-তরুণীদের।প্রতিবছরের মতোই ফুল বিনিময়, ভালোবাসার বাণী উত্কীর্ণ চকলেট, কার্ড, বই উপহার আর মুঠোফোনে সংক্ষিপ্ত বার্তা বিনিময়ের মধ্য দিয়ে প্রকাশ করা হয়েছে একে অন্যের প্রতি ভালোবাসা। দিনটি উপলক্ষে প্রিয়জনকে নিয়ে রসনাবিলাস আর আড্ডা তো ছিলই। ছিল বরাবরের মতো ভালোবাসা দিবসের শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় এলাকায়।শুধু শাহবাগই নয়, দিনটি উপলক্ষে শহরের সব ফুলের দোকানে ছিল ভিড়। জমজমাট ছিল উপহারসামগ্রীর দোকানগুলোর কেনাবেচা।অন্য বছরগুলোর মতোই তারুণ্যের প্রাণপ্রাচুর্যে যেমন দিনভর মুখর ছিল রাজধানীর বেশ কিছু এলাকা, তেমনি অনেকেই ভিড় এড়াতে খুঁজেছে কোনো সুনসান এলাকা। কিংবা ভিড় এড়াতে ঘর থেকে বের হয়েছে বিকেলে। ফলে রাজধানীতে বিকেলে বেড়েছিল প্রেমিকযুগলের ভিড়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ এলাকা থেকে বাংলা একাডেমীর বইমেলা পর্যন্ত দিনভর হাতে হাত রেখে ঘুরে বেড়িয়েছে প্রেমিকযুগলেরা। তাদের হাতে ছিল গোলাপ, রজনীগন্ধা কিংবা অন্য কোনো ফুল। ভ্যালেনটাইনস দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরের আশপাশে বিকেল থেকে মানুষের ঢল নেমেছিল। সারা দিনই দিনটির আমেজ ছড়িয়ে পড়েছিল এলাকাজুড়ে। তরুণ-তরুণীর ভিড়ে ঠাসা ছিল সেখানকার রেস্তোরাঁ আর ক্যাফেগুলো। প্রতিবারের মতো এবারও ভ্যালেনটাইনস ডের আমেজ ছড়িয়ে পড়েছিল রমনা পার্ক, সোহরওয়ার্দী উদ্যান, জিয়া উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, ধানমন্ডি, গুলশান, বনানী ও উত্তরার বেসরকারি বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকাগুলোর অভিজাত বিপনি আর রেস্তোরাঁয়।তারুণ্যের ব্যান্ড-সংগীত: তারুণ্যদীপ্ত ভালোবাসা দিবসে রাজধানীর ব্যান্ড দলগুলো ব্যস্ত ছিল। পান্থপথে একটি কোমল পানীয় প্রতিষ্ঠানের আয়োজনে কনসার্টের আয়োজন করা হয়। গুলশানের ওয়ান্ডারল্যান্ড, ঢাকার অদূরে ফ্যান্টাসি কিংডম, পুরান ঢাকার কয়েকটি উন্মুক্ত স্থানে কনসার্টের আয়োজন করা হয়। এ ছাড়া ভালোবাসার গান নিয়ে ছিল অ্যালবামের প্রকাশনা। ভালোবাসা দিবস উপলক্ষে গতকাল এসেছে শাফিন আহমেদের ইংরেজি গানের অ্যালবাম মাই লাভ সঙ্গস। শিল্পী এখানে তাঁর নিজের প্রিয় সাতটি ভালোবাসার গান গেয়েছেন। এ ছাড়া দিনটিকে উপলক্ষ করে প্রকাশ পেয়েছে সংগীত ও চিত্রশিল্পী সুমনা হকের রবীন্দ্রসংগীতের গানের অ্যালবাম তুমি রবে নীরবে, বাপ্পা মজুমদার ও ফাহমিদা নবীর এক মুঠো গান ইত্যাদি।