প্রাণে প্রাণে ভাষা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকাশে উড়বে উৎসবের বেলুন
আকাশে উড়বে উৎসবের বেলুন

কাছে এসে দাঁড়ালেন এক অভিভাবক। পিরোজপুর থেকে মেয়েকে নিয়ে এসেছেন। আগের রাত বরিশালে ছিলেন। সেখান থেকে রওনা হয়েছেন ভোরবেলা। মেয়েকে ডাকলেন। চেনাশোনা হলো। ভাষা উৎসব নিয়ে বাবা আর মেয়ের প্রবল আগ্রহ দেখে বিস্ময় জাগে। ট্যাংরাখালী ফাজিল মাদ্রাসার শিক্ষক জাহাঙ্গীর হোসেন এসেছেন চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নিয়ে। ভাষা প্রতিযোগ নিয়ে যে উচ্ছ্বাস ব্যক্ত করলেন, তা মাথা নিচু করে শুনি।

১৮ মার্চ এইচএসবিসি–প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৭–এর আঞ্চলিক উৎসব শুরু হলো পটুয়াখালী থেকে। মাতৃভাষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে ১২ বছর ধরে এইচএসবিসি ও প্রথম আলো যৌথভাবে এ উৎসবের আয়োজন করে আসছে।তিন বছর যাবৎ গণসাক্ষরতা অভিযান এতে সহায়তা করছে। এ বছর ভাষা প্রতিযোগের ১৩তম আয়োজন। ১২ বছরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৪০ হাজার শিক্ষার্থী এ উৎসবে অংশ নিয়েছে। এ বছর যুক্ত হবে আরও অন্তত ১০ হাজার।

লাউকাঠি, রোহালিয়া আর পায়রা নদীবেষ্টিত জেলা ভূখণ্ড পটুয়াখালীতে পতাকা তুলে আর বেলুন উড়িয়ে সূচনা হলো উৎসবের। পরীক্ষা, প্রশ্নোত্তর, বানান প্রতিযোগিতা, গান, আবৃত্তি—দিনভর ঝমঝমানো উৎসব। বলবার মতো আর একটি কথা, প্রতিযোগে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে অন্তত ৭০ শতাংশই ছিল ছাত্রী। এ এক ব্যতিক্রমী চিত্র।

২৪ মার্চ ছিল রংপুরের উৎসব। আসর বসেছিল রংপুর জিলা স্কুল মাঠে। সকালে মাঠে ঢুকেই শোনা গেল উৎসবের বাদ্যি–বাজনা। ভাষা উৎসবে বোধ করি এই প্রথম ব্যান্ডপার্টি দেখা গেল। দিনাজপুরে, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাট—এ সাত জেলার ১৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার শিক্ষার্থী এ আয়োজনে অংশ নিতে নাম লিখিয়েছিল। জাতীয় পতাকা তুলে উৎসবের উদ্বোধন করলেন জিলা স্কুলের প্রধান শিক্ষক এ আর মিজানুর রহমান। সেই সঙ্গে ভাষার পতাকা তুললেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ কাহালি। অনুষ্ঠানে গান করলেন শিল্পী সাজেদ ফাতেমী।

মা–বাবা বলেন ডাক্তার–ইঞ্জিনিয়ার হতে, রবীন্দ্রনাথ–নজরুল হতে বলেন না কেন? প্রশ্নোত্তর পর্বে এক শিক্ষার্থীর এমন ধারা জিজ্ঞাসার জবাব দিতে কিঞ্চিৎ ‘আউল্যা’ হয়ে গেলেন মঞ্চে বসা শিক্ষকেরা। এই জিজ্ঞাসা তো আমাদের অনেক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়।

জয়পুরহাটে ভাষা প্রতিযোগের আয়োজন এবারই প্রথম। এর পেছনে ছোট্ট একটা গল্প আছে। জয়পুরহাটের একদল ছেলেমেয়ে একসময় নিয়মিত এ উৎসবে অংশ নিত। তারা এখন বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এ রকম পাঁচটি ছেলেমেয়ে বছর দুয়েক আগে একদিন প্রথম আলো অফিসে এসে দেখা করে। তাদের আবদার—জয়পুরহাটে একবার ভাষা প্রতিযোগের আয়োজন করতে হবে। প্রতিবছরই আমি মূল ফোরামে কথাটা তুলি। শেষ পর্যন্ত এ বছর তাদের আকাঙ্ক্ষা পূরণ হলো।

আগের দিন রাতে আমরা উৎসবস্থল রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়ে গেলাম। সেখানে চলছে বিরাট কর্মযজ্ঞ। ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী পানি ছিটিয়ে মাঠ ভেজাচ্ছেন, ধুলো মারবার জন্য। বন্ধুসভার সদস্যরা—সবখানে যে রকম হয়—শেষ সময়ের প্রস্তুতি নিখুঁত করতে নিরলস কাজ করে চলেছেন। নতুন ভেন্যু, তাই উৎসাহ–উদ্দীপনাটা বেশি। যেন একটা চ্যালেঞ্জ নিয়েছেন তাঁরা। তাঁদের সঙ্গে কাঁধ মিলিয়েছে সেই ‘প্রাক্তনীরা’, যারা প্রথম আলোতে তাদের আবদার জানাতে এসেছিল। উৎসব সফল করতে তারা দল বেঁধে চলে এসেছে নিজের শহরে। বোঝা গেল উৎসবের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে।

ভোররাতে শুরু হয় ঝড়বৃষ্টি। সকালে থামে। তবু শঙ্কা কাটে না। নয়টার মধ্যেই শামিয়ানার তলায় আসনগুলো পূর্ণ হলে আয়োজকদের মুখের হাসিটা চওড়া হয়।

সেদিন ছিল ২৫ মার্চ, কালরাত। এ বছরই দিনটিকে জাতীয়ভাবে ‘গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। উদ্বোধনকালে দিনটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হলো। প্রশ্নোত্তরও হয়েছিল এ বিষয়ে।

দিনভর আয়োজনে একদল অভিভাবক ও শিক্ষক সারাক্ষণ উপস্থিত থেকে উৎসাহ জোগালেন। দলে দলে এসে তাঁদের ভালো লাগার কথা জানালেন অকুণ্ঠ মনে। উৎসবটির কথা মনে থাকবে অনেক দিন।