প্রাণে বাঁচল কচ্ছপটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কচ্ছপটি উদ্ধার করে জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। বুধবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
ছবি: হাসান মাহমুদ

কয়েক দিন ধরেই ঝুম বৃষ্টি। খাল উপচে পানি রাস্তায়। সে পানিতেই ভেসে আসে একটি কচ্ছপ। পথ হারিয়ে কচ্ছটি হাঁটতে হাঁটতে চলে আসে লোকালয়ে। বিষয়টি চোখে পড়ে স্থানীয় যুবকদের। তাঁরা কচ্ছপটি ধরে বিক্রি করতে চান। বাদ সাধেন মহল্লার এক বাসিন্দা। কচ্ছপটিকে বাঁচাতে তিনি বন্য প্রাণী বিষয়ক সংগঠনের সদস্যদের খবর দেন। পরে তাঁরা গিয়ে কচ্ছপটিকে উদ্ধার করেন।

আজ বুধবার দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘নিরিবিলি’ লেকে কচ্ছপটি অবমুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার পাবনা জেলা শহরের শালগাড়িয়ার পুরোনো এতিমখানা এলাকা থেকে কচ্ছপটিকে উদ্ধার করা হয়েছিল। কচ্ছপ উদ্ধারে সহযোগিতা করেন মহল্লার বাসিন্দা মাসুদ রানা। তিনি বলেন, গতকাল দুপুর ১২টার দিকে তিনি সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক কচ্ছপটিকে ধরে টানাটানি করছিলেন। তাঁদের কেউ কচ্ছপটিকে পিটিয়ে হত্যা, কেউবা বাজারে নিয়ে বিক্রি করতে চাইছিলেন। বিষয়টি দেখে প্রাণীটির জন্য মায়া হয়। পরে তিনি জেলা শহরের বন্য প্রাণী বিষয়ক সংগঠন নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনসার্ভেশন কমিটিকে বিষয়টি জানান। দ্রুত কমিটির সদস্যরা ঘটনাস্থলে এসে কচ্ছপটিকে উদ্ধার করেন।

কমিটির সভাপতি এহসান আলী বিশ্বাস বলেন, উদ্ধার করা কচ্ছপটি লাল কান স্লাইডার প্রজাতির কচ্ছপ। এর আগেও বিশ্ববিদ্যালয় লেকে এমন তিনটি কচ্ছপ অবমুক্ত করা হয়েছে। লেকটিকে কচ্ছপের অভয়াশ্রম করা সম্ভব হলে সেখানে কচ্ছপের প্রজনন সম্ভব হবে।

বুধবার দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিরিবিলি লেকে কচ্ছপটি অবমুক্ত করা হয়
ছবি: হাসান মাহমুদ

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হাসিবুর রহমান বলেন, ‘নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনসার্ভেশন কমিটি সদস্যদের সঙ্গে উপস্থিত থেকে আমরা কচ্ছপটি লেকে অবমুক্ত করেছি। লেকটিকে আমরা বিভিন্ন জলজ প্রাণীর অভয়াশ্রম হিসেবেই দেখছি। লেকটি কচ্ছপের বংশ বৃদ্ধির উপযোগী রাখতে আমরা ব্যবস্থা নিয়েছি। কচ্ছপগুলোর যেন কোনো ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে।’