
গত ২০ সেপ্টেম্বর বিকেলে ধানমন্ডির ৫ নম্বর রোডের বাসিন্দা জাতীয় ক্যানসার ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক আমির হোসেনের পত্নী রুবি হোসেন নিত্যদিনের মতো নিজের কাজ করছিলেন। হঠাৎ ‘কা-কা-কা-কা’ ডাকে বাইরে তাকিয়ে দেখেন, দুটি কাক একটি ছোট্ট কালো পাখির দুই দিকে বসে আছে। তিনি ভাবলেন, কাক দুটি হয়তো তাদের বাচ্চাকে খাওয়াচ্ছে। কিন্তু অল্পক্ষণেই তাঁর ভুল ভাঙল। ছোট্ট কালো পাখিটি দু-একবার ইতিউতি তাকিয়ে শেষ পর্যন্ত তাঁদের ঘরে ঢুকে পড়ল। পাখিটি দুর্বল ছিল, তাই সহজেই ধরা গেল। তখনই বোঝা গেল, সে কাকের বাচ্চা নয়, বরং অন্য এক পাখি।
আশপাশের কেউ হয়তো পোষার জন্য পাখিটি নিয়ে এসেছিল। কিন্তু কোনোভাবে সেখান থেকে সে মুক্ত হয়েছে। তবে মানুষের হাত থেকে রক্ষা পেলেও নতুন বিপদ হয়ে দেখা দেয় ‘নগরের ঝাড়ুদার’ বলে খ্যাত কাক। অসহায় পাখিটির পিছু নেয় ওরা। খাঁচায় বন্দী থেকে থেকে ছোট্ট পাখিটির ওড়ার শক্তিই কমে গেছে। ফলে কাক দুটো সহজেই তাকে বাগে পেয়ে যায়। ঠুকরে ঠুকরে তাকে আহত করে ফেলে। বাধ্য হয়েই প্রাণ বাঁচাতে পাখিটি উড়ে আসে আমির-রুবি দম্পতির ঘরে।
আহত ও দুর্বল পাখিটির প্রতি তাঁদের মায়া হলো। কিন্তু ওকে কীভাবে সারিয়ে তুলবেন, কী খাওয়াবেন বুঝতে পারছিলেন না। আবার বাইরে ছেড়ে দিলে নির্ঘাত কাক-চিলের ঠোকরে মারা পড়বে। তাই পাখিটিকে এমন কোথাও তাঁরা পাঠাতে চাচ্ছিলেন, যেখানে ওটি সেবা-যত্ন পাবে এবং বেঁচে থাকবে। বিভিন্ন জায়গায় যোগাযোগ করলেন। কিন্তু কোনো ব্যবস্থা হলো না। প্রকৃতি ও পাখিপ্রেমী রুবি হোসেন প্রথম আলোর শেষের পাতার পাখিবিষয়ক লেখাগুলো নিয়মিত পড়েন ও কাটিং রাখেন। সাহায্যের আশায় শেষমেশ উনি প্রথম আলো কার্যালয়ে ফোন করলেন। এতে কাজ হলো। তাঁকে পরামর্শ দেওয়া হলো পাখিবিদ শরীফ খানের সঙ্গে যোগাযোগ করতে। শরীফ খানের পরামর্শে পাখিটির খাবারের ব্যবস্থা হলো। এরপর শরীফ খান আমাকে ঘটনাটি জানিয়ে একটা কিছু ব্যবস্থা করতে বললেন। তবে ঢাকার বাইরে থাকায় সেদিন কিছু করতে পারলাম না।
পরদিন অধ্যাপক আমির ও তাঁর মেয়ে চক্ষু বিশেষজ্ঞ তানিয়া হোসেনের ফোন পেলাম। পাখিটাকে রক্ষা করা ও উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়ার ব্যাপারে তাঁদের আকুতিতে বিমোহিত হলাম। তাঁদের সঙ্গে বনসংরক্ষক ও বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক তপন কুমার দের যোগাযোগ করিয়ে দিলাম। পাখিটিকে বন বিভাগের লোকেরা এসে নিয়ে যান। পরে তপন কুমার দের সঙ্গে যোগাযোগ করে জানলাম, পাখিটিকে ‘কোয়ারেন্টাইন শেডে’ রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। দ্রুত সুস্থ হয়ে উঠছে সে। খবরটি অধ্যাপক আমির পরিবারকে জানালাম। শুনে তাঁরা অত্যন্ত খুশি হলেন।
আহত একই কালো আমাদের অতি পরিচিত ‘কথা বলা ময়না’ (Common Hill Myna)। বৈজ্ঞানিক নাম Gracula religiosa। ২৯ সেন্টিমিটার লম্বা ও ২১০ গ্রাম ওজনের চকচকে কালো ফলখেকো পাখিটি মূলত সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি বন ও চা-বাগানের প্রাকৃতিক পরিবেশে বাস করে। কিন্তু দুর্লভ এই পাখির মানুষের কথা অনুকরণ করতে পারার ক্ষমতাটিই বুনো পরিবেশে তাদের বেঁচে থাকার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। শিকারিরা বন থেকে নিয়মিত ময়না ধরে বিক্রেতাদের কাছে চালান দিচ্ছে। পোষা পাখি হিসেবে এ দেশে ময়নাই সবচেয়ে জনপ্রিয়। কিছুদিন আগ পর্যন্ত এটি কাঁটাবনের পাখির মার্কেটে প্রকাশ্যেই বিক্রি হতো। আশার কথা, কর্তৃপক্ষের নজরদারি ও প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংগঠনগুলোর তৎপরতায় কাঁটাবনে বেশ কিছুদিন যাবৎ দেশি পাখি বিক্রি বন্ধ আছে। তবে খোঁজ নিয়ে জেনেছি, টঙ্গী বাজারসহ দেশের অন্যান্য এলাকায় এখনো ময়নাসহ দেশি পাখির কেনাবেচা চলছে।
এত কথা বলার উদ্দেশ্য হলো, অধ্যাপক আমিরের পরিবারের মতো অন্যরাও যদি বন্য পাখি ও প্রাণীর প্রতি দরদি হতেন, তাহলে আমাদের প্রকৃতি ও পরিবেশের জন্য তা অত্যন্ত মঙ্গলজনক হতো। আশা করি, একদিন এ দেশের সব দেশি পোষা পাখি পালনকারীরা তাঁদের খাঁচা থেকে পাখিগুলো ছেড়ে দেবেন। প্রকৃতির পাখিকে আর কেউ আটকে রাখবেন না। খোলা আকাশে ডানা মেলে উড়বে ওরা।