প্রাণের উচ্ছ্বাসে নতুন বছরকে বরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষবরণ উপলক্ষে কুমিল্লা নগরের স্টেশন ক্লাবে গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন একদল শিল্পী l ছবি: প্রথম আলো
বর্ষবরণ উপলক্ষে কুমিল্লা নগরের স্টেশন ক্লাবে গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন একদল শিল্পী l ছবি: প্রথম আলো

দেখতে দেখতে কেটে গেল আরও একটি বছর। বাংলা দিনপঞ্জিকা অনুযায়ী গত বৃহস্পতিবার থেকে শুরু হলো নতুন বাংলা সন ১৪২৩। বছরের নতুন দিনটিকে দেশবাসী বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বরণ করে নিয়েছেন। এ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, বৈশাখী মেলাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ: সকাল সাড়ে আটটায় ময়মনসিংহ নগরের মুকুল নিকেতন উচ্চবিদ্যালয় থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় শোভাযাত্রার আয়োজন করে বর্ষবরণ উদ্যাপন পরিষদ। শোভাযাত্রায় হাজারো মানুষ অংশ নেন। এতে ফুটিয়ে তোলা হয় গ্রাম-বাংলার নানা ঐতিহ্য। শোভাযাত্রার উদ্বোধন করে ধর্মমন্ত্রী মতিউর রহমান। তিনি বাংলা নববর্ষে দেশের মানুষের শান্তি ও নিরাপদ জীবন কামনা করেন। শোভাযাত্রাটি ব্রহ্মপুত্র নদের পাড়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায় স্থায়ী বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে দিনভর চলে নানা সাংস্কৃতিক আয়োজন। বিকেলে জয়নুল উদ্যানে জমে ওঠে বৈশাখী মেলা। ত্রিশাল উপজেলায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মাধ্যমে পয়লা বৈশাখের অনুষ্ঠান উদ্যাপন করা হয়েছে।
সিলেট: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শতকণ্ঠে সংগীত পরিবেশনার মধ্য দিয়ে বর্ষবরণ করে শ্রুতি নামের সাংস্কৃতিক সংগঠন। জেলা প্রশাসন, সিটি করপোরেশন, জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনের পৃথকভাবে শোভাযাত্রা চলে সকাল থেকে দুপুর পর্যন্ত। সকাল আটটায় ভোলানন্দ নৈশবিদ্যালয় থেকে শোভাযাত্রা বের করে চারণ সাংস্কৃতিক কেন্দ্র। নগরের মিরাবাজারে মডেল স্কুল চত্বর থেকে বাঙালি সাজে সজ্জিত হয়ে মঙ্গল শোভাযাত্রা করে উদীচী শিল্পীগোষ্ঠী। কিন ব্রিজের নিচে সুরমা নদীর তীরে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাঠে বৈশাখী মেলা ও নগরের লাক্কাতুরা চা-বাগানের মাঠে চড়কপূজাও হয় বর্ষবরণের আমেজে।

পয়লা বৈশাখে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ​বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ক্যাম্পাসে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন l ছবি: প্রথম আলো
পয়লা বৈশাখে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ​বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ক্যাম্পাসে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন l ছবি: প্রথম আলো

কুমিল্লা: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে আটটায় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর উদ্যানে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশীদ প্রমুখ। এ ছাড়া কুমিল্লা নগরের ধর্মসাগরপাড়ে, নগর উদ্যানে, কুমিল্লা ক্লাবে ও ফরিদা বিদ্যায়তনে কচি-কাঁচার মেলার উদ্যোগে অনুষ্ঠান হয়। কুমিল্লা টাউন হল মাঠে বসে বৈশাখী মেলা।
টাঙ্গাইল: সকালে জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে অনুষ্ঠান শুরু হয়। পরে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে জেলা পরিষদ মাঠে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। শহরের শহীদ মিনারে সাংস্কৃতিক সংগঠন ত্রিবেণী এবং শহীদ স্মৃতি পৌর উদ্যানে কারকের উদ্যোগে দিনব্যাপী বৈশাখী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেরপুর: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ, এসো এসো’ রবীন্দ্রসংগীতের মাধ্যমে বাংলা ১৪২৩ সনকে বরণ করে নেওয়া হয়। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পৌর পার্ক থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ মো. আতিউর রহমান। পরে পৌর পার্ক মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম।
সুনামগঞ্জ: সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে শোভাযাত্রা বের হয়। এতে শহরের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন অংশ নেয়। পরে দিনভর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে বর্ষবরণ উৎসব হয়। এ ছাড়া সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণ, উকিলপাড়া এলাকার রিভারভিউ, নবীনগর এলাকায় দিনভর ছিল বর্ষবরণে নানা আয়োজন। জেলা শিল্পকলা একাডেমিতে ছিল আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী। জেলা উদীচী শিল্পীগোষ্ঠী বর্ষবরণের আয়োজন করে শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে।
মৌলভীবাজার: জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক কর্মী পরিষদ শহীদ মিনার এলাকায়, মৌলভীবাজার পৌরসভা পৌরসভা প্রাঙ্গণে, বাংলার উৎসব উদ্যাপন পরিষদ মৌলভীবাজার প্রেসক্লাব-রেড ক্রিসেন্ট প্রাঙ্গণে, চক্ষু হাসপাতাল হাসপাতাল মিলনায়তনে, মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করে।