চুয়াডাঙ্গার দর্শনা পৌর মাঠে অনুষ্ঠিত আট দিনব্যাপী অনির্বাণ একুশে নাট্যমেলার পর্দা নামছে আজ মঙ্গলবার। গতকাল উৎসবের সপ্তম দিনেও নাট্যমেলা প্রাণের মেলায় পরিণত হয়। বিকেল থেকে রাতে নাটক শেষ হওয়া পর্যন্ত মাঠ দর্শকে পরিপূর্ণ ছিল।
২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পর্দা ওঠে অনির্বাণ একুশে নাট্যমেলার। এবারের উৎসবে সহযোগিতা করছে প্রথম আলো।
গতকাল বিকেলে দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এরপর স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় কালজয়ী বাংলা সিনেমার গান ও নৃত্য। পরিবেশন করেন মেহজাবীন মাহবুব, শহিদ হোসেন, লাভলী আক্তার, আদর, সামন্তা, সাফা ও নেহা।
সন্ধ্যায় ‘শিক্ষাঙ্গনে ছাত্ররাজনীতি: সেকাল-একাল’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনির্বাণ থিয়েটারের নির্বাহী সদস্য অনন্ত কুমার সান্তারার সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম। আলোচনায় অংশ নেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য সৈয়দ মজনুর রহমান, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকারিয়া আলম, স্থানীয় মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক সরদার আলআমীন ও মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম।
কলকাতার আরেক নাটকেও মোহিত দর্শক
রাতে উৎসব মঞ্চে ছিল কলকাতার রবীন্দ্রনগর নাট্যায়ুধ পরিবেশিত নাটক ছৌ ম্যাকবেথ। দানী কর্মকার রচিত ও নির্দেশিত এই নাটকের কুশীলব ও কলাকুশলী ছিলেন সংগীত জানা, পান্না মণ্ডল, প্রকাশ চ্যাটার্জি, দানী কর্মকার ও সুবল কর্মকার। ছৌ ম্যাকবেথ ছিল রবীন্দ্রনগর নাট্যায়ুধের দ্বিতীয় পরিবেশনা। গত রোববার রাতে তাদের চক্রব্যূহ নাটকের মতোই ছৌ ম্যাকবেথ সমানভাবে দর্শক হৃদয় জয় করে।
মূলত ছৌ ম্যাকবেথ এক সাহসীর গল্প। সতেরো শতকের ব্রিটিশ নাট্যকার শেক্সপিয়ারের ম্যাকবেথ-এ তৎকালীন জীবন ও সমাজ প্রতিফলিত হয়েছে। কিন্তু ছৌ ম্যাকবেথ নাটকটি এখনকার প্রেক্ষাপটে রচিত। নাটকটির গল্প এগিয়ে যায় লেডি ম্যাকবেথকে ঘিরে। ম্যাকবেথ তাঁর করুণা, মাতৃত্ব ও নশ্বরতার প্রতি সহজাত প্রবৃত্তিকে দমন করেছে নিজের নৃশংসতা, উচ্চাকাঙ্ক্ষা ও রাজ্য ক্ষমতা অর্জন করার জন্য। মূলত এই দ্বন্দ্বই নাটকটির উপজীব্য। নাটকটিতে শেক্সপিয়ার থেকে বর্তমান সময় পর্যন্ত লিঙ্গভিত্তিক প্রাক্-ধারণার ওপর আলোকপাত করা হয়েছে।