প্রাণের কারখানায় ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে প্রাণের কারখানায় গত বুধ ও বৃহস্পতিবার দুই দফা হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে। মামলার পর লুটের আংশিক অর্থসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ছাড়া, হামলার ঘটনায় কারখানাটি বন্ধ থাকায় এর কাঁচামাল সরবরাহকারীরা পড়েছেন দারুণ বেকায়দায়। পচে যাচ্ছে তাঁদের শত শত টন টমেটো-গাজরসহ অন্যান্য পণ্য।
নাটোর সদর থানা সূত্রে জানা যায়, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে কারখানার প্রশাসনিক কর্মকর্তা আবদুল কাদের গতকাল শুক্রবার সকালে এ থানায় মামলা দায়ের করেন। ২৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলাটি করা হয়। অধিকাংশই কারখানার শ্রমিক।
এজাহারভুক্ত আসামিদের মধ্যে সজল হোসেন, আল আমিন, নজু ড্রাইভার, আবু রাহান ও রফিকুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় এ আসামিদের। তাঁদের কাছ থেকে লুট করা অর্থের ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। তাঁদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল।
মামলার বিষয় নিশ্চিত করে নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। কেউ যেন হয়রানিতে না পড়েন, সে জন্য তথ্য যাচাই-বাছাই করে প্রকৃত অভিযুক্তদের শনাক্ত করে ধরার চেষ্টা করা হচ্ছে।
এদিকে বন্ধ কারখানা চালু করতে গতকালও কারখানা কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে। প্রাণ অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী এদিন কারখানার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংসদ শফিকুল ইসলাম ও স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি প্রাণের কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা চান।
গতকাল একডালা এলাকায় এ কারখানা এবং আশপাশের এলাকা ঘুরে কাঁচামাল সরবরাহকারীদের কণ্ঠে হা-হুতাশ শোনা গেছে। যে এলাকা দিনরাত চার-পাঁচ হাজার শ্রমিক-কর্মচারী ও কাঁচামাল ব্যবসায়ীর কর্মচাঞ্চল্যে ভরা থাকত, সেখানে হাতে গোনা কিছু লোকের উপস্থিতি দেখা যায়।
কারখানা বন্ধ থাকায় একডালা, আশ্বিনার বাগান ও নারায়ণপুর বাজারের অধিকাংশ দোকানপাটও গতকাল বন্ধ ছিল। প্রাণ কারখানার লোকজনই মূলত এসব বাজারের ক্রেতা ছিলেন। কারখানার প্রধান ফটকের আশপাশে রয়েছে কাঁচামাল সরবরাহকারীদের আড়ত। একটি আড়তের ব্যবস্থাপক আজিজুল ইসলাম বলেন, কারখানা কর্তৃপক্ষ আড়তদারদের কাছ থেকে প্রতিদিন ২০০ টন পাকা টমেটো ও ২০ টন গাজর কিনত। বুধবার সন্ধ্যা থেকে ওই কারখানায় শ্রমিক বিক্ষোভ শুরুর পর কর্তৃপক্ষ কাঁচামাল কেনা বন্ধ করে দিয়েছে। এতে এসব পচতে শুরু করেছে। পকেটের টাকা খরচ করে শ্রমিক দিয়ে পচা টমেটো বাছাই করে নর্দমায় ফেলতে হচ্ছে। দ্রুত কারখানা না খুললে পুরো টমেটোই ফেলে দিতে হবে।