প্রাণের কারখানায় ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫
নাটোরের প্রাণ অ্যাগ্রো লিমিটেডের কারখানায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আজ শুক্রবার সকালে নাটোর সদর থানায় মামলা হয়েছে। মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। পুলিশ লুট হওয়া কিছু নগদ টাকাসহ মামলার এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
নাটোর সদর থানার পুলিশ জানায়, প্রাণ অ্যাগ্রো লিমিটেডের নাটোরের একডালা এলাকার কারখানায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সেখানকার প্রশাসনিক কর্মকর্তা আবদুল কাদের বাদী হয়ে মামলাটি করেছেন। এজাহারভুক্ত ১৬ আসামির মধ্যে ১৫ জন কারখানার শ্রমিক। আসামিদের মধ্যে সজল হোসেন (২৫) আল আমিন (৩২) নজু (৩৪) আবু রায়হান (৩২) ও রফিকুল ইসলাম (৩৬) নামের পাঁচ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। কারখানা থেকে লুট হওয়া তিন হাজার আট শ টাকাও তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়।
মামলার বাদী আবদুল কাদের সাংবাদিকদের বলেন, ভাঙচুর ও লুটপাটে বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়েছিল। অল্প সময়ের মধ্যে তাঁদের শনাক্ত করা সম্ভব হয়নি। তদন্ত করলে বাকিদের নাম পরিচয় জানা যাবে।
মামলার সত্যতা নিশ্চিত করে নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, আজ দুপুরে গ্রেপ্তার পাঁচজনকে নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ড আবেদন করা হয়। রিমান্ড আবেদনের শুনানি হবে আগামী রোববার। পরে আসামিদের কারাগারে পাঠানো হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গত বুধবার রাতে শ্রমিকেরা কারখানায় ব্যাপক ভাঙচুর চালায়। সেখান থেকে টাকা পয়সা ও মালামাল লুটপাট করেন বলেও অভিযোগ ওঠে।