প্রাণের গানে মন্দ্রিত সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গলের গান মানেই ঘরোয়া আয়োজন। বৈঠকি ঢঙে শিল্পীর খুব কাছাকাছি মঞ্চ ঘিরে বসে গান শোনা। শিল্পীও মনপ্রাণ ঢেলে দেন সুরে। গান হয়ে ওঠে শ্রোতার প্রাণের গান। ‘প্রাণের খেলা’ নামের নিয়মিত এই আয়োজন পড়ল তৃতীয় বর্ষে। এর ধারাবাহিকতায় গতকাল সোমবার সন্ধ্যায় বেঙ্গল গ্যালারি মিলনায়তনে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠানে গান গেয়ে শোনালেন শিল্পী বুলবুল ইসলাম ও মিতা হক। শুরুতে ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী শুভেচ্ছা বক্তব্য দেন। প্রথমে গাইতে আসেন বুলবুল ইসলাম। শুরু করেন ‘হূদয় আমার প্রকাশ হল’ গানটি দিয়ে। এরপর ‘তাই তোমার আনন্দ আমার’, ‘তোমায় গান শোনাব’, ‘যে রাতে মোর দুয়ারগুলি’, ‘যদি প্রেম দিলে না প্রাণে’, ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’সহ মোট ১৪টি গান গেয়ে শোনান।শিল্পী মিতা হক শুরু করেন ‘কী ভয় অভয়ধামে’ গানটি দিয়ে। ‘যেতে যেতে চায় না যেতে’, ‘প্রাণে খুশির তুফান উঠেছে’, ‘আকাশভরা সূর্য-তারা’, ‘ধায় যেন মোর সকল ভালোবাসা’সহ তিনিও ১৪টি গান শোনান।ইউপিএলের আয়োজনে কম দামে ভালো বই কেনার সুযোগ‘বাণিজ্যিক উদ্দেশ্য নয়, আমরা মূলত দৃষ্টি দিচ্ছি পাঠকদের আগ্রহ সৃষ্টিতে। নবীন পাঠকেরা যেন বেশি করে বই কেনে, সেটাই আমাদের লক্ষ্য।’ দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) স্বত্বাধিকারী মহিউদ্দিন আহমেদ এভাবেই বললেন।কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার হলে ইউপিএল আয়োজন করেছে নিজেদের প্রকাশিত বইয়ের বিশেষ প্রদর্শনী। গতকাল সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বার্ষিক এই গ্রন্থ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রদর্শনীতে বিশেষ মূল্য ছাড়ে বই বিক্রি হচ্ছে। বেশির ভাগ বই ৫০ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে। প্রদর্শনীতে গল্প, কবিতা, উপন্যাসসহ সৃজনশীল সাহিত্য ও মননশীল প্রবন্ধ, গবেষণামূলক বই, বিদেশি সাহিত্যের অনুবাদ রয়েছে। ইউপিএলের নিজেদের প্রকাশিত বইয়ের পাশাপাশি জেড বুকস্, অক্সফোর্ড, সেজ, ওরিয়েন্ট লংগম্যান, হার্পারকলিন্স, পেঙ্গুইন ইত্যাদি খ্যাতনামা বিদেশি প্রতিষ্ঠান থেকে প্রকাশিত বইও পাওয়া যাচ্ছে এই প্রদর্শনীতে । বদলে গেল আনন্দ মেলার পরিবেশ ছোট ছোট শিশুরা রংবেরঙের পোশাক পরে এসেছিল। কারও হতে দোতারা, কারও হাতে বাঁশি। আনন্দে উৎফুল্ল সবাই। কিন্তু তাদের সেই আনন্দ ম্লান হয়ে গেল, যখন জানা গেল তাদের বন্ধু তুষার সবাইকে ছেড়ে চলে গেছে। সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। তখন শোকাবহ হয়ে উঠল আনন্দের দিনটি। আকস্মিক এই বেদনাদায়ক ঘটনায় সব আনুষ্ঠানিকতা বাতিল করে শিশু একাডেমী কর্তৃপক্ষ। নিয়ম রক্ষার জন্য শুধু শিশু আনন্দ মেলার উদ্ধোধন ঘোষণা করা হয়। তার পরই অনুষ্ঠানের সপাপ্তি টানা হয়।শুরুতেই তুষারের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, শিশুদের প্রতিভা বিকাশের জন্যই এই আনন্দ মেলার আয়োজন করা হয়েছে। একাডেমীর চেয়ারম্যান মুস্তাফা মনোয়ার বলেন, এই আনন্দ মেলা শিশুদের মিলনমেলা। পাশাপাশি নিজেদের সংস্কৃতি সম্পর্কে ধারণা দেওয়া হবে এই মেলার মাধ্যমে।আজ মঙ্গলবার থেকে যথারীতি সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা শুরু হবে। আনন্দ মেলা চলবে ২১ মে পর্যন্ত। সৃজনে ও শেকড়ে-২বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের দশম বর্ষপূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আজ মঙ্গলবার থেকে ১০ জন শিল্পীর ‘সৃজনে ও শেকড়ে-২’ শীর্ষক চিত্রকলা প্রদর্শনী শুরু হবে।সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে ১২ দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করবেন শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। বিশেষ অতিথি থাকবেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংসদ আসাদুজ্জামান নূর।গতকাল সোমবার দুপুরে বেঙ্গল শিল্পালয়ে এ উপলক্ষে সংবাদ সম্মেলন ও প্রেস প্রিভিউ অনুষ্ঠিত হয়। এতে শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, আবদুল মুকতাদির, আবদুস শাকুর শাহ্, ফরিদা জামান ও বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। প্রদর্শনীতে শিল্পকর্মের সংখ্যা ৪০। শিল্পীরা হচ্ছেন সমরজিৎ রায় চৌধুরী, আবদুল মুকতাদির, কালিদাস কর্মকার, শহীদ কবির, আবদুস শাকুর শাহ্, কাজী গিয়াসউদ্দীন আহমেদ, ফরিদা জামান, মোহাম্মদ ইউনুস, রোকেয়া সুলতানা ও ঢালী আল মামুন। প্রদর্শনী চলবে ২৯ মে পর্যন্ত।