প্রাণের গুঁড়া মসলা ল্যাবরেটরি পরীক্ষা করতে নির্দেশ
গুঁড়া মসলার নামে প্রাণ অ্যাগ্রো লিমিটেডের মরিচ, আদা, জিরা, ধনিয়া, রসুনসহ সব ধরনের মসলায় মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো উপাদান আছে কি না, তা ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিভিন্ন বিক্রয়কেন্দ্র থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নমুনা সংগ্রহ করতে বলা হয়েছে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান ও বিএসটিআইয়ের পরিচালককে (কেমিক্যাল উইং) চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
গতকাল বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানির পর অন্তর্বর্তীকালীন এই আদেশের পাশাপাশি রুল দেন।
জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে তিন আইনজীবী রিট করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
রুলে ওই পাঁচটিসহ প্রাণের সব মসলার নমুনা সংগ্রহ করে তাতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক উপাদান আছে কি না, তা পরীক্ষায় জন্য ল্যাবরেটরিতে পাঠাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন কোম্পানির পণ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক উপাদান আছে কি না, এ জন্য ল্যাবরেটরিতে পরীক্ষার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়।
স্বাস্থ্যসচিব, খাদ্যসচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, বিএসটিআইয়ের মহাপরিচালক, বিসিএসআইআরের চেয়ারম্যান, বিএসটিআইয়ের পরিচালককে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত বছরের নভেম্বরে কয়েকটি দৈনিকে প্রাণের গুঁড়া হলুদে সিসার মাত্রাতিরিক্ত উপস্থিতি এবং লাইসেন্স সাময়িক স্থগিত বিষয়ে প্রতিবেদন ছাপা হয়। এসব প্রতিবেদন যুক্ত করে রিটটি করা হয়।
শুনানিতে মনজিল মোরসেদ বলেন, গুঁড়া মসলায় রাসায়নিক পদার্থ আছে কি না, তা নিশ্চিত হওয়া জরুরি। কারণ, সিসার মতো উপাদান জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ; যা জীবনধারণের অধিকারকে ব্যাহত করে।