প্রাণের টানে পুনর্মিলনীতে
সকালের তীব্র কুয়াশা উপেক্ষা করেই ক্যাম্পাসে আসতে শুরু করেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। দুপুরের আগেই প্রথম ব্যাচ থেকে শুরু করে সদ্য প্রাক্তন হওয়া শিক্ষার্থীদের ঢল নামে সেলিম আল দীন মুক্তমঞ্চ আর ক্যাফেটেরিয়া চত্বরে। একটু একটু করে সেই ঢল ছড়িয়ে পড়ে ক্যাম্পাসজুড়ে। গতকাল শুক্রবার হাজারেরও বেশি প্রাক্তন শিক্ষার্থী প্রাণের টানে ক্যাম্পাসে ছুটে আসেন পুনর্মিলনীতে যোগ দিতে।
কারও বয়স ৬০ পেরিয়ে গেছে, কেউ ৪০ আবার কেউ মাত্র মাস ছয়েক আগে হল ছেড়েছেন। পুরোনো বন্ধুকে কাছে পেয়ে কেউ জড়িয়ে ধরেছেন, কেউবা বন্ধুদের ভিড়ে উল্লাসে ফেটে পড়েন। এভাবেই বিশ্ববিদ্যালয়ের নানা বয়সী প্রাক্তন শিক্ষার্থীরা আবেগ আর উচ্ছ্বাসে উদ্যাপন করেন দিনব্যাপী অনুষ্ঠান।
অনুষ্ঠানে কথা হয় ভূগোল ও পরিবেশ বিভাগের প্রথম ব্যাচের ছাত্র জি এম মোরশেদের সঙ্গে। তিনি জানান, তিনি জাকসুর প্রথম ভিপি ছিলেন। ক্যাম্পাসে এসেছেন প্রায় ২৫ বছর পর। বললেন, ক্যাম্পাস অনেক বদলে গেছে। কিন্তু স্মৃতি আর অনুভূতি রয়ে গেছে আগের মতোই।
দুপুরের খাবারের পর সেলিম আল দীন মুক্তমঞ্চে জড়ো হন প্রাক্তন শিক্ষার্থীরা। স্মৃতিচারণা করেন ফেলে আসা দিনগুলোর। কেউ শোনান ব্যর্থ প্রেমের গল্প, কেউ পৃথিবী থেকে বিদায় নেওয়া বন্ধুদের স্মরণ করে আপ্লুত হয়ে পড়েন।
বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী বুলবুল মঞ্চে উঠে অভিনয় জগতের কিংবদন্তি ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হুমায়ুন ফরিদীকে স্মরণ করেন। অনুষ্ঠানের সঞ্চালক ইমতিয়াজ ইকরাম বলেন, ‘আজকের এই দিনে আমরা ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদকেও হারিয়েছি।’ এরপর হুমায়ুন ফরিদী এবং জুবায়েরের মতো হারানো সব প্রাক্তন শিক্ষার্থীর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্মৃতিচারণা শেষে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এ সময় তিনি প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য ভবন নির্মাণ করতে ক্যাম্পাসে জায়গা বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন।
সন্ধ্যায় ফেরার পথে আল-বেরুনী হলের সামনে দেখা হয় ২৯তম ব্যাচের শিক্ষার্থী স্মরণ প্রত্যয় ও নূর সিদ্দিকীসহ আরও কয়েকজনের সঙ্গে। তাঁরা এই হলের ছাত্র ছিলেন। জানান, যাওয়ার আগে নিজের হলটি একবার দেখতে এসেছেন। সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়।