বহুদিন পর পুরোনো সহপাঠীদের সঙ্গে দেখা। আনন্দের আতিশয্যে অনেকেই একে-অন্যকে জড়িয়ে ধরছেন। ফিরে যাচ্ছেন নিজেদের স্কুলজীবনে। গতকাল শনিবার এমনই রঙিন সময় কেটেছে মৌলভীবাজার আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পুনর্মিলনীতে আসা প্রাক্তন ছাত্রীদের।
মৌলভীবাজার শহরের শান্তিবাগ এলাকায় ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হয় আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এবারই প্রথম বিদ্যালয়ের ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ১৯৫৯ সালের ছাত্রী শামসুন্নাহার চৌধুরী চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ থেকে অবসরে গেছেন। সহপাঠীদের সঙ্গে দেখা হবে। সেই টানে চট্টগ্রাম থেকে ছুটে এসেছেন পুরোনো শিক্ষাঙ্গনে। স্কুলের প্রসঙ্গ তুলতেই বলেন, ‘এখানে এসে ৫২ বছর আগে চলে গেছি। তখন কত ছোট ছিলাম।’
মিলনমেলার আয়োজন করেছিল আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্রী পুনর্মিলনী ১৯৩২-২০১৫ উদ্যাপন পর্ষদ। জাতীয় সংগীত ও পরে আবহ সংগীতের মাধ্যমে পুনর্মিলনীর সূচনা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাংসদ সৈয়দা সায়রা মহসিন।
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্রী পুনর্মিলনী উদ্যাপন পর্ষদের আহ্বায়ক বাসনা দেবী। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, পৌরসভার মেয়র ফয়জুল করিম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজা খাতুন প্রমুখ।