প্রাণের স্কুলে আবার ফিরে আসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ১৯৭৫ সালে এসএসসি পাস করা আতিক আহমেদ এখন পুরোদস্তুর ব্যবসায়ী। চট্টগ্রাম নগরেই তাঁর সব ব্যবসা-বাণিজ্য। ব্যস্ততার কারণে ইচ্ছা থাকলেও আর ছুটে যাওয়া হয় না প্রিয় স্কুলে।
১৯৬৮ সালে পাস করা কামরুল হাসান দেশ ছেড়ে আমেরিকায় থিতু হয়েছেন অনেক আগেই। বিভিন্ন সময়ে দেশে আসা হলেও পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানে আর যাওয়া হয় না। আতিক ও কামরুলের মতো দেশ-বিদেশে অবস্থান করা হাজারো প্রাক্তন শিক্ষার্থী আবার ফিরেছেন প্রাণের স্কুলে।
চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনের উৎসবে মিলেছেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। তাঁদের উচ্ছল উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ।
১৮৩৬ সালে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু। চট্টগ্রামে ব্রিটিশ সরকারের প্রতিষ্ঠিত প্রথম ইংরেজি মাধ্যমের স্কুল ছিল এটি। তখন অর্থাৎ প্রতিষ্ঠার সময় এই বিদ্যালয়ের নাম ছিল ‘চট্টগ্রাম গভর্নমেন্ট স্কুল’।
গতকাল শুক্রবার বিকেলে স্কুল প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রাক্তন শিক্ষার্থীদের কারও হাতে ছিল রং-বেরঙের ব্যানার-ফেস্টুন, কেউ পরেন মুখোশ। বাদ্যযন্ত্রের তালে তালে পুরো শোভাযাত্রা মাতিয়ে রাখেন হাজারো শিক্ষার্থী। নগরের বিভিন্ন সড়ক ঘুরে আবার স্কুল প্রাঙ্গণে ফিরে আসে শোভাযাত্রাটি।
অবশ্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ শনিবার সকালে। উদ্বোধন করবেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে ‘সামাজিক ব্যবসা প্রেক্ষাপট: বিশ্ব ও বাংলাদেশ’ শীর্ষক বক্তব্য দেবেন তিনি।
রোববার সমাপনী অনুষ্ঠানে থাকবেন আরেক প্রাক্তন শিক্ষার্থী গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
শোভাযাত্রায় ছিলেন ২০১২ সালে পাস করা সাইমুম ইফতেখার। শারীরিক অসুস্থতাও দমাতে পারেনি তাঁকে। বন্ধুদের আহ্বানে ছুটে এসেছেন। হাতে ক্রাচ নিয়েই বন্ধুদের সহায়তায় শোভাযাত্রায় অংশ নেন তিনি।
শুধু প্রাক্তন শিক্ষার্থীরাই নন, গৌরবের আনন্দে মেতেছিল বর্তমান শিক্ষার্থীরাও।
পঞ্চম শ্রেণির ইমতিয়াজ আহমেদ, সামিন ইয়াছিন, নবম শ্রেণির মোস্তাক মুজাহিদ ও হাসিবুল হোসাইন জানায়, এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী নোবেল পেয়েছেন। এখানে পড়াশোনা করেছেন অনেক বিখ্যাত মানুষ। এ রকম শিক্ষাপ্রতিষ্ঠানে পড়া সত্যিই গৌরবের।
বর্তমান শিক্ষার্থীদের জন্য বিকেলে আয়োজন করা হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে চট্টগ্রাম কলেজিয়েটসের পক্ষ থেকে বিদ্যালয়ের ৪০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, ড. ইউনূস, জামাল নজরুল ইসলাম, হুরমায়ূন আহমেদ, মুহম্মদ জাফর ইকবালসহ অনেক প্রাক্তন শিক্ষার্থী এই বিদ্যালয়ের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। বর্তমান শিক্ষার্থীরা তাঁদের দেখানো পথে হাঁটবে। স্কুলের গৌরব আরও ছড়িয়ে দেবে। বিশ্ব জয় করার জন্য বর্তমান শিক্ষার্থীদের তৈরি হওয়ার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম কলেজিয়েটসের (চট্টগ্রাম কলেজিয়েট স্কুল প্রাক্তন ছাত্র সমিতি) সভাপতি ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, ১৮০ বছর পূর্তি ও পুনর্মিলনী উদ্যাপন পরিষদের আহ্বায়ক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, সদস্যসচিব মো. মোস্তাক হোসাইন, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন প্রমুখ।