প্রাতর্ভ্রমণে বের হয়ে লাশ হলেন আইনজীবী
চট্টগ্রামের এক আইনজীবী গতকাল শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নগরের হালিশহর পোর্ট কানেকটিং সড়কে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়িতে কর্মরত নায়েক আমির হোসেন প্রথম আলোকে বলেন, নিহত আইনজীবীর নাম মো. রফিকুল ইসলাম (৭২)। প্রতিদিনের মতো তিনি গতকাল ভোর ছয়টায় প্রাতর্ভ্রমণ করতে হালিশহর কে-ব্লকের বাসা থেকে বের হন। এর কয়েক মিনিট পর পার্শ্ববর্তী পোর্ট কানেকটিং সড়কে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। কয়েকজন পথচারী তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আধা ঘণ্টার মধ্যে তিনি মারা যান।
আমির হোসেন আরও বলেন, ‘ট্রাকের ধাক্কায় রফিকুল ইসলাম গুরুতর আহত হয়ে হাসপাতালে আসার আধা ঘণ্টা পর মারা যান। তিনি মৃত্যুর আগে বলেন, তাঁকে একটি ট্রাক ধাক্কা দেয়। ওই সময় তিনি তাঁর স্ত্রীর মুঠোফোনের নম্বরও দেন। ওই নম্বরে ফোন করে আমি এই দুর্ঘটনার সংবাদ তাঁর স্ত্রীকে জানাই।’
নিহত আইনজীবীর ভাতিজা সফিউল আজম প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে মেডিকেলে গিয়ে চাচাকে মৃত দেখতে পাই। তাঁর লাশ এখন চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। চাচার বড় ছেলে সেনাবাহিনীর লে. কর্নেল আবুল হাসনাত মো. মাহমুদ আজম এবং আরেক ছেলে আবুল হাসনাত মো. সাইফুল আজম কানাডাপ্রবাসী।’