প্রাতিষ্ঠানিক দুর্নীতি খুঁজতে দুদকের আরও ৫টি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি খুঁজতে আরও পাঁচটি প্রাতিষ্ঠানিক দল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার কমিশন এসব দল গঠনের অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে।

দুদক সূত্র জানিয়েছে, নতুন গঠিত পাঁচটি দলের নেতৃত্ব দেবেন সংস্থার পাঁচ পরিচালক। গঠিত তিন সদস্যের ওসব দলে একজন করে উপরিচালক ও সহকারী পরিচালক রয়েছেন। দুদকের বিশেষ অনুসন্ধান বিভাগের মহাপরিচালকের তত্ত্বাবধানে এসব দল কাজ করলেও সংস্থার মহাপরিচালক মুনির চৌধুরী এসব দলের সঙ্গে যুক্ত থাকবেন বলে জানা গেছে।

এবার যে পাঁচটি প্রতিষ্ঠানকে নজরদারির আওতায় আনা হচ্ছে, সেগুলো হলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, দেশের সব স্থলবন্দর, ওষুধ প্রশাসন অধিদপ্তর, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় ও পরিবেশ অধিদপ্তর। জানা গেছে, এ কে এম জায়েদ হাসান খানের নেতৃত্বে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে দেশের সব স্থলবন্দর, বেলাল হোসেনের নেতৃত্বে ওষুধ প্রশাসন অধিদপ্তর, খন্দকার এনামুল বাছিরের নেতৃত্বে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় ও সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরে নজরদারি করা হবে।

এর আগে ১৮ জানুয়ারি গুরুত্বপূর্ণ ১৫টি সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি প্রতিরোধ ও দমনে সংস্থার আট পরিচালকের নেতৃত্বে ১৪টি প্রাতিষ্ঠানিক দল গঠন করে দুদক। প্রতিষ্ঠানগুলো হলো মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় (ওসিজিএ), বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ বিমান, সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), কাস্টমস এক্সাইজ ও ভ্যাট, আয়কর বিভাগ, গণপূর্ত অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি), ঢাকা ওয়াসা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ রেলওয়ে, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং ঢাকা মহানগরের সব সাব-রেজিস্ট্রি অফিস।

১১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানিয়েছিলেন, চলতি বছর দুর্নীতি প্রবণ দপ্তরগুলোতে বিশেষ নজরদারি করবে তাঁর সংস্থা। সেটা শিগগিরই দৃশ্যমান হবে। এরই ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে।

সূত্র আরও জানায়, সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হয়ে অনেক প্রতিষ্ঠান দুর্নীতিপ্রবণ প্রতিষ্ঠান হিসেবে সাধারণ মানুষের কাছে পরিচিত। সাধারণ মানুষের এ ধারণা এবং নানা ধরনের হয়রানি ও ভোগান্তির অভিযোগ দুদকে এসেছে। দুদকের বিশ্লেষণে দেখা গেছে, কিছু প্রতিষ্ঠানের দুর্বল আইন, নীতিমালার ফাঁকফোকরসহ নানা সুযোগে দুর্নীতি হচ্ছে। সাধারণ মানুষ সেবাবঞ্চিত হচ্ছে। সেসব ভোগান্তির লাঘবে নতুন করে প্রাতিষ্ঠানিক দলগুলো গঠন করা হয়েছে।

দুদক সূত্র জানায়, প্রাতিষ্ঠানিক দলগুলো সরকারি এসব প্রতিষ্ঠানের আইন, বিধিবিধান পর্যালোচনা করে দুর্নীতি দমন ও প্রতিরোধে সুপারিশ করবে। কিছু প্রতিষ্ঠানকে মানুষ কেন দুর্নীতিপ্রবণ হিসেবে মনে করে, তা খুঁজে দেখতে চায় সংস্থাটি। নিয়মনীতি বা প্রক্রিয়ার দুর্বলতার কারণে দুর্নীতি হচ্ছে কি না, সেটাও খুঁজে দেখা হবে। পাশাপাশি দুর্নীতির তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র আরও জানায়, প্রাতিষ্ঠানিক দলগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইন, বিধি, পরিচালনার পদ্ধতি এবং ওসব প্রতিষ্ঠানে সরকারি অর্থ অপচয়ের দিকগুলো পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করবে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর কাজের ইতিবাচক ও নেতিবাচক দিক, নাগরিক সেবা দেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা, প্রতিবন্ধকতা, সেবাগ্রহীতাদের হয়রানি, দুর্নীতির কারণ ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করবে। সার্বিক বিশ্লেষণসহ দলের প্রতিবেদন ও সুপারিশ ৩০ কার্যদিবসের মধ্যে কমিশনে জমা দেবে দলগুলো। পাশাপাশি প্রাতিষ্ঠানিক দলগুলোর মেয়াদকালে ওসব প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির তথ্য-প্রমাণ পাওয়া গেলে সেগুলো আলাদাভাবে অনুসন্ধান করা হবে।

এর আগে ২০১২ সালে সরকারের ১১টি প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধে ১১ জন উপপরিচালকের নেতৃত্বে ১১টি দল গঠন করেছিল দুদক। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ঢাকা সিটি করপোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি আবাসন পরিদপ্তর, সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের দুর্নীতি অনুসন্ধান ও প্রতিরোধে গঠিত দুদকের দলগুলো এসব প্রতিষ্ঠানে ব্যাপক অনুসন্ধান চালায়। অনেক মামলাও করে।

পরে দলগুলো সম্পর্কে নানা অভিযোগ ওঠায় প্রাতিষ্ঠানিক দলগুলো ভেঙে দেওয়া হয়।

পরে ২০১৫ সালের মাঝামাঝি সময়ে দুজন উপপরিচালকের নেতৃত্বে দুটি আলাদা টাস্কফোর্স গঠন করে দুদক। টাস্কফোর্স দুটিও সেভাবে কার্যকর না হওয়ায় সেগুলো বাতিল করে গত বছরের ১৫ মে রাজউক, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে নজরদারির জন্য পাঁচটি বিশেষ প্রাতিষ্ঠানিক দল গঠন করা হয়। সে সময় পাঁচজন পরিচালককে দলগুলোর দায়িত্ব দেওয়া হয়।