প্রাথমিক ও ইবতেদায়ি দুটিতেই দেশসেরা বরিশাল বিভাগ
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষার পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার দুটি ফলাফলের ক্ষেত্রে সেরা অবস্থানে আছে বরিশাল বিভাগ। প্রাথমিক শিক্ষায় সারা দেশে গড় পাসের হার ৯৭ দশমিক ২৬ শতাংশ, সেখানে বরিশাল বিভাগে এই হার ৯৯ দশমিক শূন্য ৫ শতাংশ। ইবতেদায়িতে সারা দেশে গড় পাসের হার ৯১ দশমিক ২৮, যা বরিশাল বিভাগে ৯৪ দশমিক ৬৫ শতাংশ। গতকাল সোমবার প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে। প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, বরিশাল বিভাগে এ বছর এক লাখ ৩৬ হাজার ৩৬২ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে ৬১ হাজার ১৭৬ জন ছাত্র ও ৭৩ হাজার ৯৬৪ জন ছাত্রী পাস করেছে। অকৃতকার্য হয়েছে এক হাজার ২২২ জন।অন্যদিকে, ইবতেদায়িতে ২৪ হাজার ৬৬৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে ১০ হাজার ১৮০ জন ছাত্র ও ১৩ হাজার ৪৫৫ জন ছাত্রী পাস করেছে। অকৃতকার্য হয়েছে এক হাজার শিক্ষার্থী।প্রাথমিকে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৫৯২ জন। অন্যদিকে ইবতেদায়িতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২১ জন। বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় জানায়, ২০০৮ সালে বরিশাল বিভাগের কয়েকটি উপজেলায় বেশ কিছু প্রাথমিক বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। বিষয়টি জানার পর ওই সব উপজেলা পরিদর্শন এবং শূন্য পাস করা প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছ থেকে লিখিত অঙ্গীকার আদায় করা হয়। একই সঙ্গে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের শিক্ষকদের সনদ দেওয়া হয়।শিক্ষা কর্মকর্তারা বলেন, ২০০৯ সালে দেখা গেছে, অঙ্গীকার করা শিক্ষাপ্রতিষ্ঠানও ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। এরপর ভালো ফলাফল অর্জন করা শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার ও সনদ দেওয়ায় শিক্ষদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এর ফল পাওয়া যায় প্রতিবছর অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়। শিক্ষা কর্মকর্তাদের মতে, শিক্ষকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমস্যা চিহ্নিত করে বছরে চারটি মডেল টেস্ট নেওয়ার ব্যবস্থা করায় বরিশাল বিভাগ সারা দেশের মধ্যে সেরা অবস্থানে এসে দাঁড়ায়।বরিশাল বিভাগে এবার প্রথম হয়েছে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ আলী হাওলাদার বলেন, ‘আমি শিক্ষকদের সঙ্গে আগেই বৈঠক করে বলেছিলাম, শতভাগ পাস করাতে হবে। এ জন্য শিক্ষকেরা বিশেষ মডেল টেস্ট নিয়েছেন। এতে আমার প্রতিষ্ঠানের কেউ অকৃতকার্য হয়নি এবং এই ধারা জেএসসি ও এসএসসিতে রাখতে চাই।’যোগাযোগ করলে প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগের উপপরিচালক এস এম ফারুক প্রথম আলোকে বলেন, বরিশাল বিভাগ এ বছরই সেরা হয়নি। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রতিবছরই সেরা ফলাফল করছে। শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে আন্তরিক সম্পর্ক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অর্জনের স্বীকৃতি প্রদান করায় এই ফলাফল এসেছে। যে সুন্দর প্রতিযোগিতা শিক্ষকদের মধ্যে শুরু হয়েছে, এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে বরিশাল বিভাগ আরও চমক সৃষ্টি করতে সক্ষম হবে বলে তিনি মনে করেন।