প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা ২৩ নভেম্বর শুরু
সারা দেশে একযোগে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে ২৩ নভেম্বর। খুদে শিক্ষার্থীদের অংশ গ্রহণে সবচেয়ে বড় এ পাবলিক পরীক্ষায় ২৪ লাখ ৮৮ হাজার ১৪৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় এ পরীক্ষায় ছেলেদের চেয়ে বেশিসংখ্যক মেয়ে অংশ নিচ্ছে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, এর মধ্যে দেশের বিভিন্ন বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীর ২১ লাখ ৫৭ হাজার ১৫ পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী আর সমমানের তিন লাখ ৩১ হাজার ১৩৩ জন মাদ্রাসা শিক্ষার্থী ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা শেষ হবে ২৯ নভেম্বর। ২৬ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে। আর প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ করা হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। তবে আলাদা কোনো বৃত্তি পরীক্ষা নেওয়া হবে না।এ বছরই প্রথমবারের মতো প্রাথমিকের সঙ্গে মাদ্রাসার ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর শুধু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবার প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি। প্রাথমিক শিক্ষা সমাপনীতে ১১ লাখ ৪৯ হাজার ৯৬০ জন ছাত্রী অংশ নিচ্ছে, যা মোট পরীক্ষার্থীর অর্ধেকের বেশি। আর ছাত্র ১০ লাখ সাত হাজার ১০৮ জন। ইবতেদায়ি পরীক্ষায়ও মোট পরীক্ষার্থীর অর্ধেকের বেশি ছাত্রী (এক লাখ ৭৬ হাজার ৩৮২ জন)। আর ছাত্র এক লাখ ৫৪ হাজার ৭৫১ জন।ইতিমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার মন্ত্রণালয় আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি সম্পর্কে জানানো হবে।