দেশের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ১০ হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে আট হাজার ৬৩৫টি ও মাধ্যমিক বিদ্যালয়ে এক হাজার ২৬৮টি পদ শূন্য।গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন পৃথক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।সাংসদ মমতাজ বেগমের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকের এক হাজার ২৬৮টি পদ শূন্য রয়েছে। বিষয়ভিত্তিক পদশূন্যতায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে প্রতিবছর দক্ষ ও মেধাবী শিক্ষক নিয়োগের বিষয়টি অব্যাহত আছে।আরেক প্রশ্নের জবাবে আফছারুল আমীন বলেন, তিন পার্বত্য জেলা ছাড়া সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের আট হাজার ৬৩৫টি পদ শূন্য রয়েছে।অপু উকিলের প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশে সরকারি উচ্চবালিকা বিদ্যালয়ের সংখ্যা ১৪৭টি। নতুন করে সরকারি বিদ্যালয় করার কোনো পরিকল্পনা আপাতত নেই। ফজলুল আজিমের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৯২টি সরকারি কলেজে সম্মান কোর্স চালু রয়েছে।সালমা ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তুলতে পর্যায়ক্রমে প্রতিটি মাদ্রাসায় কম্পিউটার সরবরাহ করার পরিকল্পনা সরকারের রয়েছে।টাইম স্কেল পাবেন প্রভাষকেরাও: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের টাইম স্কেল দেওয়া শুরু হয়েছে। সব প্রভাষককে টাইম স্কেল দেওয়া হবে। এ ছাড়া শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে।৫৫ হাজার ছাত্রছাত্রী বৃত্তি পাচ্ছে: আমিনা আহমেদের এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন বলেন, দেশে বর্তমানে ৫৫ হাজার ছাত্রছাত্রী প্রাথমিক বৃত্তি পাচ্ছে। এর মধ্যে মেধাভিত্তিক ২২ হাজার এবং সাধারণ কোটায় ৩৩ হাজার ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়া হয়। প্রায় ১০ শতাংশ মানুষ প্রতিবন্ধী: অপু উকিলের এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেন, দেশের ১০ শতাংশ মানুষ প্রতিবন্ধী। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূত্রমতে, দেশে মোট প্রতিবন্ধীর সংখ্যা এক কোটি ৪৪ লাখ ৪৬ হাজার। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের ৩৭টি জেলায় ৩৭টি দৃষ্টিপ্রতিবন্ধী হোস্টেল নির্মাণের প্রকল্প অনুমোদিত হয়েছে। দ্রুত এর বাস্তবায়ন শুরু হবে। ৪১ কোটি ৫০ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি আগামী জুলাই থেকে ২০১৪ সালের মধ্যে বাস্তবায়িত হবে।