প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষার্থী বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে চলতি ২০১৫ শিক্ষা বছরে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থী বেড়েছে। এ বছর উপজেলায় ৩৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের চাহিদার বিপরীতে সরকারিভাবে বিনা মূল্যে ৮৫ হাজার ৮০০ সেট পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা দপ্তর কার্যালয়ের তথ্য মতে, গত বছরের তুলনায় এবার উপজেলায় প্রাথমিক স্তরে শিক্ষার্থী বেড়েছে ৭ শতাংশ। উপজেলায় মাধ্যমিক স্তরে এই বৃদ্ধির হার ১৬ দশমিক ২১ শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান বলেন, তাঁর দপ্তর থেকে উপজেলার ১২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাধ্যমিক, এবতেদায়ি, দাখিল ও কারিগরি পর্যায়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের চাহিদাপত্রের বিপরীতে চলতি বছর ৪৩ হাজার সেট বই সরবরাহ করা হয়েছে। গত বছর দেওয়া হয় ৩৭ হাজার সেট বই। গত বছরের তুলনায় চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থী বেড়েছে ১৬ দশমিক ২১ ভাগ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, তাঁর দপ্তর থেকে প্রাথমিক স্তরে ২২২টি শিক্ষাপ্রতিষ্ঠানে চাহিদার বিপরীতে চলতি বছর প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত নতুন বই বিতরণ করা হয়েছে ৪২ হাজার ৮০০ সেট। যা গত বছর দেওয়া হয় ৪০ হাজার। সে তুলনায় গত বছরের চেয়ে চলতি বছর শিক্ষার্থী বেড়েছে শতকরা ৭ ভাগ।
শিক্ষা দপ্তরের কর্মকর্তারা জানান, চলতি বছর দাখিল মাদ্রাসাগুলোতে শিক্ষার্থী বৃদ্ধি না পেলেও এবতেদায়িতে কিছুটা বেড়েছে। প্রাথমিক স্তরে শেরপুর পৌর শহরের মধ্যে শিক্ষার্থী বৃদ্ধি তেমন না হলেও বেড়েছে ইউনিয়ন পর্যায়ে। এ ব্যাপারে শেরপুর সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, পৌর শহরে বিভিন্ন কেজি স্কুলগুলো অভিভাবকদের আকৃষ্ট করে থাকে। অনেক অভিভাবক তাঁর সন্তানকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে না পাঠিয়ে ওই সব স্কুলে নিয়ে যান। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল মতিন বলেন, ইউনিয়ন পর্যায়ে ঝরে পড়ার সংখ্যা কমে যাওয়ায় শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।
শেরপুর ডি জে হাইস্কুলের শিক্ষক তাপস বসাক বলেন, সন্তানদের পড়ালেখার বিষয়ে অভিভাবকেরা সচেতন হয়ে উঠেছেন। এ কারণে উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী সংখ্যা বেড়েছে। পাশাপাশি গ্রামাঞ্চলেও নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান প্রথম আলোকে বলেন, উপজেলায় শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি নতুন শিক্ষার্থীও বেড়েছে।