প্রাথমিক তদন্তে জঙ্গি সংশ্লিষ্টতা পায়নি পুলিশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ী দেবেশ চন্দ্র প্রামাণিক (৬৮) হত্যার ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশ কোনো জঙ্গিসংশ্লিষ্টতা খুঁজে পায়নি। তা ছাড়া হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার করা আসামি নিপেন চন্দ্রের কাছ থেকেও কোনো তথ্য পায়নি তারা।
গত বুধবার ভোরে নিজ দোকানের ভেতর দেবেশ চন্দ্রকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গতকাল বৃহস্পতিবার বিকেলে বলেন, প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডের সঙ্গে জঙ্গিসংশ্লিষ্টতা পাওয়া যায়নি। চাঁদা না দেওয়ায় মাদকসেবীদের সঙ্গে কথা-কাটাকাটির জেরে এটি ঘটতে পারে। মামলার বাদীও এজাহারে তা-ই বলেছেন। তবে সব বিষয় মাথায় রেখে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. আবদুস সামাদ ও পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম। তাঁরা নিহত ব্যবসায়ীর পরিবারের খোঁজখবর নেন। দেবেশ চন্দ্র হত্যার ঘটনায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) তাৎক্ষণিকভাবে দায় স্বীকার করেছে বলে খবর বের হয়। এ বিষয়ে জানতে চাইলে এ দুজন উপস্থিত সাংবাদিকদের বলেন, হত্যাকাণ্ডে আইএস, জঙ্গি, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যারাই জড়িত থাক, তদন্তের মাধ্যমে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
এদিকে গতকাল সকাল থেকে মহিমাগঞ্জ বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। ঘটনার পর এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। তবে প্রশাসনের কর্তাব্যক্তিরা পরিদর্শনে আসছেন শুনে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ লোকজন ঘটনাস্থলে সমবেত হন। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
গতকাল দেবেশ চন্দ্রের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর স্ত্রী আনন্দ রানী আহাজারি করছেন। পাশে ছেলে দেবাশীষ প্রামাণিক এবং মেয়ে শিল্পী সাহা, লিপি সাহা, রূপা সাহা ও রূপসী সাহা বাবার স্মৃতিচারণা করে কান্নাকাটি করছেন। দেবাশীষ অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাঁর বাবাকে হত্যা করা হয়েছে। তিনি এর বিচার চান।
বুধবার সকালে দেবেশ চন্দ্র প্রতিদিনের মতো মহিমাগঞ্জ বাজারে বাড়ি-সংলগ্ন তাঁর জুতার দোকান খুলে বসেন। তখন তাঁর স্ত্রী প্রাতর্ভ্রমণ করছিলেন। সাড়ে ছয়টার দিকে বাড়িতে ফিরে দোকানে ঢুকে দেখেন স্বামীর গলাকাটা লাশ পড়ে আছে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ও এতে জড়িত সন্দেহে মহিমাগঞ্জ গ্রামের মৃত লক্ষ্মণ চন্দ্রের ছেলে নিপেন চন্দ্রকে (৩৫) গ্রেপ্তার করে।
দেবেশ চন্দ্র হত্যার ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে নিপেন চন্দ্রসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।
স্থানীয় চেয়ারম্যান আবদুর লতিফ প্রধান বলছেন, আর এক দিন পরেই মহিমাগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ এলাকায় হিন্দু সম্প্রদায়ের বিপুলসংখ্যক ভোটার রয়েছেন। তাঁদের মধ্যে আতঙ্ক ছড়াতে বাইরে থেকে কেউ এসে ঘটনা ঘটাতে পারেন বলেও মনে করেন তিনি।
আবদুর লতিফ প্রধান গতকাল বিবিসি বাংলাকে বলেন, ‘আইএস দায় স্বীকার করলেও, এমন মনে হয় না। এটা পরিকল্পিত হতে পারে। বাহির থেকে এসে ঘটনাটা ঘটিয়েছে বলে আমার মনে হয়। ২৮ তারিখে ইউনিয়ন পরিষদ নির্বাচন, মহিমাগঞ্জ ইউনিয়নে ৫ হাজার লোক হিন্দু পরিবার, তাদের ভেতর একটা আতঙ্ক সৃষ্টি করার জন্যই একটা পক্ষ এ ধরনের সুযোগ নিয়ে এটা করতে পারে।’ আর জেলা পুলিশ সুপার আশরাফুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, দেবেশ চন্দ্র হত্যায় আইএসের দাবির কোনো ভিত্তি নেই। সময় লাগলেও এ ঘটনার রহস্য উদ্ঘাটনে তাঁরা সক্ষম হবেন এবং তদন্ত সেভাবেই চলছে।