চট্টগ্রামের ষোলশহরে রেলক্রসিং এলাকায় তেলবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনায় প্রাথমিক তদন্তে বাসচালককে দায়ী করা হয়েছে।
এ ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষের গঠিত চার সদস্যের তদন্ত কমিটি প্রত্যক্ষদর্শীর বক্তব্য নেওয়া শুরু করবে আজ বুধবার থেকে। এরপরই কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেওয়া হবে। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে এ কমিটির প্রধান করা হয়েছে।
গত সোমবার ষোলশহরের ২ নম্বর গেট রেলক্রসিংয়ে ফার্নেস তেলবাহী একটি ওয়াগন ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় ক্রসিংয়ের ওপরে থাকা একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের। এ ঘটনায় দুই নারী নিহত হন। এ ছাড়া আহত হয় শিশুসহ অন্তত ১০ জন।
নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের একজন কর্মকর্তা বলেন, সংকেত অমান্য করে ক্রসিংয়ের ওপর বাসটি তুলে দেওয়ায় এ দুর্ঘটনার জন্য বাসচালকই দায়ী। ক্রসিংয়ে গাড়ি ওঠানোর আগে চালককে ডানে-বাঁয়ে ভালো করে দেখে নিতে হয়, যা ১৯৮২ সালের মোটরযান অধ্যাদেশে উল্লেখ আছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক আবদুল হাই প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার জন্য বাসচালকই দায়ী বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। কারণ, ট্রেন অতিক্রম করার আগে ক্রসিংয়ে ব্যারিয়ার (লোহার প্রতিবন্ধক) ছিল। সংকেত অমান্য করে গাড়িটি ক্রসিংয়ে তুলে দেন বাসচালক।’