প্রাথমিক তদন্তে সত্যতা মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এক ব্যক্তিকে নির্যাতনের অভিযোগের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এদিকে ওই পুলিশ কর্মকর্তা ও এক কনস্টেবলকে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা আদায়সহ বিভিন্ন অপকর্মের অভিযোগে রাজাখালী তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মীর মোহাম্মদকে প্রত্যাহারের দাবিতে ১০ এপ্রিল সবুজবাজার এলাকায় বিক্ষোভ করেন এলাকাবাসী। এ ঘটনার জের ধরে গত রোববার সকালে মিছিলে অংশগ্রহণকারী মেহেরাজ উদ্দিন ওরফে কামালকে বামুলপাড়া স্টেশনের একটি চায়ের দোকান থেকে ধরে নিয়ে যান এসআই মীর মোহাম্মদসহ চার কনস্টেবল। এ সময় মেহেরাজের ওপর নির্যাতন চালানো হয়। পরে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজারের সহকারী পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। যেভাবে নির্যাতন করা হয়েছে তা অমানবিক। প্রত্যাহার ছাড়াও ওই পুলিশ কর্মকর্তা ও এক কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।’
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব জানান, এসআই মীর মোহাম্মদ ও কনস্টেবল আরিফকে প্রত্যাহার করতে পেকুয়া থানার পক্ষ থেকে গতকাল জেলা পুলিশ সুপারের বরাবরে প্রতিবেদন পাঠানো হয়েছে।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মেহেরাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ব্যথার কারণে তিনি সোজা হয়ে হাঁটতে পারছেন না।