প্রাথমিক পাসের পরের বছরই জেডিসি পরীক্ষা!
২০১৪ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাস করেছিল তারা। আর এ বছরই জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অংশ নিয়েছে তারা।
ঘটনাটি ঘটেছে ফেনীর দাগনভূঞায়।বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় গতকাল বৃহস্পতিবার পরীক্ষা দিতে আসেনি ওই চার শিক্ষার্থী।
ইউএনওর কার্যালয় সূত্র জানায়, স্থানীয় কয়েকজন ব্যক্তি অভিযোগ করেন, টাকার বিনিময়ে উপজেলার দক্ষিণ করিমপুর হোসাইনিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির চারজন শিক্ষার্থীকে জেডিসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন মাদ্রাসার সুপার রুহুল আমিন। গত বুধবার উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রাথমিক তদন্ত করে এর সত্যতা পান। গতকাল বৃহস্পতিবার তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা খানমকে বিষয়টি জানান।
সূত্র জানায়, ওই চার শিক্ষার্থী ২০১৪ সালে দক্ষিণ করিমপুর হোসাইনিয়া দাখিল মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়। তারা একই মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। পরেমাদ্রাসার সুপার রুহুল আমিন তাদের রেজিস্ট্রেশন করে জেডিসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেন।
ইউএনও ফরিদা খানম বলেন, তিনি গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরের আজিজিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন। তবে ওই চার শিক্ষার্থী গতকালের পরীক্ষায় অংশ নেয়নি। তিনি জানান, এ ঘটনায় দক্ষিণ করিমপুর হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপারকে কারণ দর্শাতে বলা হয়েছে। এ ছাড়া ওই মাদ্রাসার ৭৭ জন জেডিসি পরীক্ষার্থীর কাগজপত্র নিয়ে সুপারকে আগামী সোমবারের মধ্যে তাঁর কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
ওই সুপারকে জেডিসি পরীক্ষার দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এ বিষয়ে সুপার রুহুল আমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।