বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষার সময় এবার হলে পরীক্ষার্থীদের হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ির ব্যবহারও নিষিদ্ধ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। গতকাল রোববার পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এই নিয়োগের জন্য দেওয়া বিজ্ঞাপনের শর্তানুযায়ী ৮ জানুয়ারি অনুষ্ঠেয় ৩৬তম বিসিএসের বাছাই পরীক্ষায় মুঠোফোন, ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বই-পুস্তক এবং ব্যাগসহ পরীক্ষার হলে প্রবেশ শাস্তিযোগ্য অপরাধ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে মুঠোফোন, ঘড়ি, ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বই-পুস্তক এবং ব্যাগ পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করাসহ প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। একই সঙ্গে পিএসসির ভবিষ্যৎ নিয়োগ পরীক্ষার জন্যও ওই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তিতে প্রার্থীদের এসব যন্ত্র না আনার অনুরোধ জানিয়ে পিএসসি বলেছে, পরীক্ষার হলে সময় জানার জন্য প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ি থাকবে।
পিএসসির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সারা দেশে ১৬২টি কেন্দ্রে ৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৩৬তম বিসিএসের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় প্রার্থী ২ লাখ ১১ হাজারের কিছু বেশি। এই বিসিএসের মাধ্যমে দুই হাজারের বেশি ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে।