প্রাথমিক বিজয় হয়েছে: হেফাজত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাস্কর্য সরানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে গতকাল জুমার নামাজের পর বায়তুল মোকাররম এলাকায় মিছিল করে ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠন l ছবি: প্রথম আলো
ভাস্কর্য সরানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে গতকাল জুমার নামাজের পর বায়তুল মোকাররম এলাকায় মিছিল করে ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠন l ছবি: প্রথম আলো

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ‘মূর্তি’ সরিয়ে নেওয়ায় ‘শুকরিয়া’ জানিয়ে হেফাজতে ইসলাম বলেছে, এতে প্রাথমিক বিজয় হয়েছে। সংগঠনটি বলেছে, দেশের কোথাও এই ‘মূর্তি’ স্থাপন করা যাবে না।

হেফাজতের মহাসচিব মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী গতকাল সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শুকরিয়া জানিয়ে এসব কথা বলেন।

এর আগে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটি গতকাল জুমার নামাজের পর সমাবেশ করে ভাস্কর্য সরানোর এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। সেই সঙ্গে সারা দেশে স্থাপিত সব ভাস্কর্য (তাদের ভাষায় মূর্তি) সরানোরও দাবি করে।

হেফাজতের মহাসচিবের বিবৃতিতে বলা হয়, সরিয়ে নেওয়া এই ‘মূর্তি’ চিরতরে পরিত্যাগ করতে হবে। এটিকে বাংলাদেশের কোথাও কোনোভাবেই স্থান দেওয়া যাবে না। ‘মূর্তি’ অপসারণের মাধ্যমে বাংলাদেশের ওলামা-মাশায়েখ, তৌহিদি জনতাসহ সর্বস্তরের গণমানুষের ন্যায়ভিত্তিক লড়াইয়ের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। আদালতের অ্যানেক্স ভবনের সামনে এই ‘মূর্তি’ স্থাপন করা হবে—এ ধরনের খবর তাঁরা শুনেছেন। এমন ভুল পদক্ষেপ জনগণ মেনে নেবে না।

অপর এক বিবৃতিতে ‘মূর্তি’ অপসারণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ফয়জুল্লাহ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত চমৎকার এবং এর তাৎপর্য অপরিসীম।

সমাবেশ, সব ‘মূর্তি’ সরানোর দাবি

গতকাল জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনের রাস্তায় মিছিল সমাবেশ করে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর শাখা। সেখানে ‘মূর্তি’ অপসারণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়।

সমাবেশে হেফাজতের ঢাকা মহানগর কমিটির সভাপতি নূর হোসাইন কাসেমী বলেন, ‘গ্রিক মূর্তি সুপ্রিম কোর্টের সামনে থেকে অপসারণ করা হয়েছে, এ জন্য আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি। সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। তিনি এই দ্বীনি চেতনায় উদ্বুদ্ধ হয়ে এটি অপসারণ করেছেন।’ তিনি বলেন, এই দেশে মূর্তি সংস্কৃতি চলবে না। তৌহিদি জনতা কোনো অবস্থাতেই রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্থাপন করা মেনে নেবে না। কাজেই যত মূর্তি স্থাপন করা হয়েছে, সব অপসারণ করা হোক।

হেফাজতের ঢাকা মহানগর কমিটির সহসভাপতি আবদুর রব ইউসুফি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ওলামায়ে কেরামের কাছে করা ওয়াদা পূরণ করেছেন। এ জন্য তাঁকে ধন্যবাদ। এই মূর্তি এখান থেকে সরানো কঠিন কাজ ছিল, কঠিন কাজটি করতে পারার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’

সমাবেশে হেফাজতের নেতা মুজিবুর রহমান হামিদি বলেন, আর কোনো ‘মূর্তি’ দেশের কোথাও স্থাপন করা যাবে না।

খেলাফত আন্দোলনের মিছিল

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনের ফটক থেকে মিছিল বের করে বাংলাদেশ খেলাফত আন্দোলন। মিছিল শেষে খেলাফতের ঢাকা মহানগর সভাপতি মুফতি রেদওয়ানুল বারি সিরাজী বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে সবার আবেদন ছিল, যেন ঈদের আগে মূর্তিটি সরানো হয়। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, আশ্বাস রেখেছেন। আমরা চাই, বাংলাদেশ থেকে যত মূর্তি আছে, সব অপসারণ করা হোক।’