জয়পুরহাটের পাঁচটি উপজেলার ৩৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮৭টি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নেই। এ ছাড়া সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ৩০২টি। এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিপুলসংখ্যক পদ শূন্য থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, পাঁচবিবি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ২৭টি এবং সহকারী শিক্ষকের ৯৩টি পদ শূন্য রয়েছে। সদর উপজেলায় প্রধান শিক্ষকের ২৪টি এবং সহকারী শিক্ষকের ৮৩টি পদ শূন্য রয়েছে। কালাই উপজেলায় প্রধান শিক্ষকের ১৪টি এবং সহকারী শিক্ষকের ৫১টি পদ শূন্য রয়েছে। আক্কেলপুর উপজেলায় প্রধান শিক্ষকের ১৪টি এবং সহকারী শিক্ষকের ৪৩টি পদ শূন্য রয়েছে ও ক্ষেতলাল উপজেলায় প্রধান শিক্ষকের আটটি এবং সহকারী শিক্ষকের ৩২টি শূন্য পদ রয়েছে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জয়পুরহাট জেলা শাখার সভাপতি ও আক্কেলপুর উপজেলার বাগুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, শিক্ষক-স্বল্পতার কারণে পড়ালেখা মারাত্মকভাবে বিঘ্ন ঘটছে। এ ছাড়া আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের নারিকেলি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র একজন সহকারী শিক্ষক ওই বিদ্যালয়ের সব দায়িত্ব পালন করছেন।
আক্কেলপুর উপজেলার নারিকেলি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র শিক্ষক আজিজার রহমান বলেন, দীর্ঘদিন থেকে প্রধান শিক্ষক না থাকায় তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তবে কিছুদিন আগে একজন শিক্ষককে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। যেদিন তিনি বিদ্যালয়ের কাজে আক্কেলপুর উপজেলা সদরে যান, সেদিন কোনো ক্লাস করানো সম্ভব হয় না।
সদর উপজেলার পাইকড় প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোতাসিম বিল্লাহ বলেন, এই বিদ্যালয়ে গত বছরের নভেম্বর মাস থেকে প্রধান শিক্ষক নেই। তিনি বিদ্যালয়ের দাপ্তরিক কাজে উপজেলা শিক্ষা অফিসে গেলে শিক্ষার্থীদের পাঠদান করানো সম্ভব হয় না।
সদর উপজেলার বাঁকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রেষণে কর্মরত শিক্ষক জাকির হোসেন বলেন, ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ শিক্ষকের পদ রয়েছে তিনজনের। এর মধ্যে একজন পিটিআই ট্রেনিংয়ে আছেন। আর তিনিসহ বাকি দুজন সেখানে প্রেষণে শিক্ষকতা করছেন।
জয়পুরহাট জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল কবির শিক্ষক-স্বল্পতার কথা নিশ্চিত করে বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে বেশি সংখ্যক শিক্ষকসংকট রয়েছে, সেখানে অন্য বিদ্যালয়গুলো থেকে প্রেষণে শিক্ষক নিয়োগ দিয়ে সাময়িকভাবে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।