প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা প্রদান, সহকারী শিক্ষকদের বেতন স্কেল উন্নীতকরণসহ ১২ দফা দাবিতে পঞ্চগড় জেলার ৩১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি চলছে। গতকাল মঙ্গলবার ছিল এ কর্মসূচির দ্বিতীয় দিন।
জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল হক জানান, দাবি মানা না হলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পূর্ণদিবস কর্মসূচি চলবে। একই দাবিতে আগামী ১ অক্টোবর ঢাকায় গণ-অনশন করা হবে। সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা গত সোমবার থেকে এ কর্মসূচি শুরু করেছেন। একই দাবিতে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন ঘণ্টা এবং ১৯ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চার ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়েছে।
গতকাল সদর উপজেলার মীরগড়, শিংপাড় ও দর্জিপাড়া সরকারি বিদ্যালয়ে সরেজমিনে দেখা গেছে, শিক্ষকেরা পাঠদান থেকে বিরত রয়েছেন। শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে খেলাধুলা করছে। অনেকে শ্রেণীকক্ষে বইয়ের ওপর মাথা রেখে অলস সময় কাটাচ্ছে।
বোদা উপজেলার বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রবিউল আলম বলেন, শিক্ষার্থীদের কথা চিন্তা করে শিক্ষকদের সঙ্গে সরকারের সমঝোতা করা উচিত।