প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব
বেলুন ও পায়রা উড়িয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সুধী সমাবেশের মধ্য দিয়ে গতকাল শনিবার দিনাজপুর সদর উপজেলার নশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব উদ্যাপিত হয়েছে।
জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সাংসদ ইকবালুর রহিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক বক্তব্য দেন।
অন্যান্যের মধ্যে নশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন, বিএডিসি দিনাজপুরের যুগ্ম পরিচালক প্রকাশ কান্তি মণ্ডল, দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজ্জব বক্তব্য দেন।