প্রাথমিক বিদ্যালয়গুলোতে খাবার পানির সংকট
নোয়াখালীর নয়টি উপজেলার বিভিন্ন সরকারি ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে নিজস্ব নলকূপ না থাকায় পানীয়জলের তীব্র সংকট চলছে। এতে কোমলমতি শিক্ষার্থীরা প্রতিনিয়ত খাবার পানির জন্য ভোগান্তির শিকার হচ্ছে। একই সমস্যার কারণে দুর্ভোগ পোহাতে হয় শিক্ষকদেরও। সরেজমিনে জেলার সোনাইমুড়ীর নাটেশ্বর ইউনিয়নের মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে জানা যায়, প্রায় এক দশক ধরে এখানে কোনো নলকূপ নেই। স্কুলটির পঞ্চম শ্রেণীর ছাত্র জাবেদ হোসেন প্রথম আলোকে জানায়, স্কুলে ভর্তির পর থেকেই সে দেখছে কোনো নলকূপ নেই। পানির পিপাসা পেলে আশপাশের বাড়িতে গিয়ে পানি পান করে আসে।প্রধান শিক্ষক আবদুর রশিদ জানান, স্কুলের কাছেই তাঁর বাড়ি। আট-দশ বছর ধরে দেখছেন স্কুলটিতে কোনো নলকূপ নেই। ছাত্রছাত্রীদের দিয়ে আশপাশের বাড়ি থেকে আনা পানি পান করেন তাঁরা। তিনি জানান, প্রধান শিক্ষক হিসেবে এই স্কুলে আসার পর তিনি অনেকবারই এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হয়নি।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার নয়টি উপজেলায় সরকারি ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এক হাজার ১৭৯টি। এর মধ্যে নলকূপ আছে এমন বিদ্যালয়ের সংখ্যা ৭৯০টি। বাকি ৩৮৯টি বিদ্যালয়ে কোনো নলকূপ নেই। সূত্র আরও জানায়, নয়টি উপজেলার মধ্যে সদর উপজেলার ১৮৮টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪৮টিতে কোনো নলকূপ নেই। একইভাবে বেগমগঞ্জের ১৯১টির মধ্যে ৬৪টিতে, চাটখিলের ১১২টির মধ্যে ৪৪টিতে, সেনবাগের ১১৩টির মধ্যে ৩৬টিতে, কোম্পানীগঞ্জের ৮৩টির মধ্যে ২০টিতে, হাতিয়ার ২০৪টির মধ্যে ৭৯টিতে, সুবর্ণচরের ৮০টির মধ্যে ২৪টিতে, সোনাইমুড়ীর ১২১টির মধ্যে ৫০টিতে ও কবিরহাটে ৮৭টির মধ্যে ২৯টি প্রাথমিক বিদ্যালয়ে কোনো নলকূপ নেই।উল্লিখিত তথ্যে সবচেয়ে খারাপ চিত্র ফুটে উঠেছে জেলার সোনাইমুড়ী উপজেলার। তার পরেই রয়েছে দ্বীপ উপজেলা হাতিয়ার অবস্থান। এর মধ্যে সোনাইমুড়ীর ৪২ ভাগ এবং হাতিয়ার ৩৯ ভাগ প্রাথমিক বিদ্যালয়ে কোনো নলকূপ নেই। এ বিষয়ে ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে নলকূপ না থাকায় ছোট ছোট শিশুরা পানির পিপাসায় কষ্ট পায়। বিষয়টি এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। শিগগির এ বিষয়ে সিদ্ধান্ত পাওয়া যেতে পারে। তা ছাড়া একই বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরও কিছুদিন আগে একটি জরিপ করেছে বলে জানান তিনি।’ জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রওশন আলম প্রথম আলোকে বলেন, ‘কয়েক মাস আগে তাঁদের দপ্তরের পক্ষ থেকে জেলার নয়টি উপজেলায় কোন কোন বিদ্যালয়ে নলকূপ আছে কিংবা নাই, থাকলে আর্সেনিক আছে কি না? তার একটি জরিপ প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় ক্ষেত্রে নতুন নলকূপ বসানোর প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তবে এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি।’