প্রাথমিক বিদ্যালয়গুলোতে পানিসংকটে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার ৬৮টি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পানিসংকট চলছে। ফলে এসব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ১৫৫টি বিদ্যালয় আছে। এর মধ্যে ১৮টি বিদ্যালয়ে কোনো নলকূপ নেই, ২১টি বিদ্যালয়ে নলকূপ থাকলেও তা অকেজো এবং ২৯টি বিদ্যালয়ে নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে। উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের সত্র-হাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো নলকূপ নেই। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বলেন, দুই বছর ধরে নলকূপ নেই। শিক্ষক ও ছেলেমেয়েদের দূরে গিয়ে পানি সংগ্রহ করতে হয়।মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি নলকূপ থাকলেও সবগুলো প্রায় তিন বছর ধরে অকেজো। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রিয়াজুল ইসলাম, ইভা খানম ও পুতুল জানায়, পানির পিপাসা লাগলে অন্যের বাড়ি যেতে হয়।কুন্দশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেহানা পারভীন জানান, তাঁদের বিদ্যালয়ে একটি নলকূপ থাকলেও এর পানিতে রয়েছে মাত্রাতিরিক্ত আর্সেনিক। ছেলেমেয়েরা তাই বিদ্যালয়ের সামনের রাস্তা পার হয়ে অন্যের নলকূপে পানি খেতে যায়।উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, উপজেলার ৬৮টি বিদ্যালয়ে পানির তীব্র সংকট রয়েছে। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের খুব সমস্যা হচ্ছে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয় জানালেও কোনো ব্যবস্থা হচ্ছে না। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কুমারেশ চন্দ্র বিশ্বাস বলেন, এ বিষয়ে ইউনিসেফ ও অন্য একটি প্রকল্পে যোগাযোগ করা হয়েছে। কিছু নলকূপের আশ্বাসও পাওয়া গেছে।