প্রাথমিক বিদ্যালয়ে আদিবাসী শিক্ষক নিয়োগের আহ্বান
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীদের জন্য আদিবাসী শিক্ষক নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছে আদিবাসী পরিচালিত স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। গতকাল শনিবার সিলেটের একটি রেস্তোরাঁয় ‘এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন—একডো’ আয়োজিত গোলটেবিল বৈঠকে সরকারের প্রতি এ আহ্বান জানানো হয়।‘দ্বিভাষিক শিক্ষা এবং আদিবাসী শিক্ষার্থীর জন্য আদিবাসী শিক্ষকের গুরুত্ব’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বলা হয়, ভাষাগত সমস্যার কারণে আদিবাসী শিশুদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাঠদান বুঝতে কষ্ট হয়। এ কারণে লেখাপড়ার প্রতি স্থানীয় আদিবাসী শিশুদের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য প্রাথমিক পর্যায়ে আদিবাসীদের নিজস্ব ভাষার শিক্ষক সরকারিভাবে নিয়োগ দিতে হবে।বৈঠকে পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, ২০০৭ সালে সংগ্রামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীদের গড় উপস্থিতির হার ছিল ৮২ দশমিক ৭ শতাংশ। একজন আদিবাসী শিক্ষক নিয়োগের ফলে সেখানে ২০০৮ সালে আদিবাসী শিক্ষার্থীদের গড় উপস্থিতির হার ৮৫ দশমিক ৪ শতাংশে উন্নীত হয়েছে। গড় পাসের হার ৫০ শতাংশ থেকে ৭৯ শতাংশে উন্নীত হয়েছে। অপরদিকে নকশিয়াপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন আদিবাসী শিক্ষক নিয়োগ করায় গড় উপস্থিতি ৭৭ শতাংশ থেকে ৮৪ দশমিক ১০ শতাংশে উন্নীত হয়েছে। পাসের হার ৭৫ দশমিক ৪৩ থেকে ৮৬ দশমিক ৫৩ শতাংশে উন্নীত হয়েছে।সকাল থেকে দুপুর পর্যন্ত গোলটেবিল বৈঠকে সঞ্চালনার দায়িত্বে ছিলেন একডোর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ। বৈঠকে সিলেট জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজউদ্দিন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মারুফ আহমদ, আদিবাসী সাংস্কৃতিক সংগঠক অনিল কৃষাণ সিংহ, বেনু ভূষণ ব্যানার্জি, কুমুদিনী পাত্র, সিলেট বিভাগ আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি মিন্টু দেশোয়ারা, চাতল চা-বাগানের কর্মী সজল অরমি উপস্থিত ছিলেন। গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ পাঠ করেন ওইনামপামহৈবা সিংহ।আদিবাসী শিক্ষার্থীদের জন্য আদিবাসী শিক্ষক নিয়োগ করা প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, প্রাথমিক শিক্ষাক্ষেত্রে একীভূত শিক্ষায় বিভিন্ন মেয়াদে বিভিন্ন প্রকল্প করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে সংকট মোকাবিলা করা যেতে পারে। শিক্ষা কর্মকর্তা আদিবাসী শিক্ষার্থীদের জন্য আদিবাসী শিক্ষক নিয়োগের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন।