দেশের মধ্যে এত বড় মা সমাবেশ এই প্রথম। এটি সারা দেশে নজির স্থাপন করবে—এমন মন্তব্য করে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন বলেছেন, দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখনো নিরাপদ পানির অভাব রয়েছে। শিক্ষার্থীরা ভালো কাপড় পরে নতুন বই নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে। কিন্তু তারা নিরাপদ পানি আর খাবার পাচ্ছে কি না, তা নিয়ে সন্দেহ থেকেই যায়।টাঙ্গাইলের মির্জাপুর এস কে পাইলট উচ্চবিদ্যালয় মাঠে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের চেয়াম্যান মীর এনায়েত হোসেনের সভাপতিত্বে মা সমাবেশ এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পানির পট ও টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।স্থানীয় সাংসদ আলহাজ একাব্বর হোসেনের ব্যক্তিগত উদ্যোগে ও উপজেলা শিক্ষা অফিসের সহায়তায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে চার হাজারশিক্ষার্থী, তাদের মায়েরাসহ অন্য অভিভাবকেরা অংশ নেন।সাংসদ একাব্বর হোসেনের উদ্বোধনী বক্তৃতার পর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা দেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক সাবেক সাংসদ ফজলুর রহমান খান, জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দা মাহফুজা বেগম, কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক (শিক্ষা) ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানারা বেগম, মির্জাপুর কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র, মায়েদের পক্ষে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সালাম উর্মি, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সাহিনুর রহমান খান প্রমুখ। সাংসদ একাব্বর হোসেন বলেন, ‘মা সমাবেশের মধ্য দিয়ে এ ধরনের একটি কর্মসূচি হাতে নিতে পেরে আমি গর্বিত।’ এ ছাড়া তিনি ভবিষ্যতে শিক্ষার গুণগত মান বাড়াতে সবার সহায়তা কামনা করেন।ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দি বলেন, এ ধরনের উদ্যোগ থেকে সবার শিক্ষা নেওয়া উচিত।উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, সাংসদ একাব্বরের ব্যক্তিগত উদ্যোগে গতকাল মির্জাপুর পৌরসভা ও আশপাশের ২০টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের চার হাজার ২৫২ জন শিশুকে পানির পট ও টিফিন বক্স দেওয়া হয়।