প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র পরিষদ নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র পরিষদ (স্টুডেন্টস কাউন্সিল) নির্বাচন আজ শনিবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার নতুন করে আরও ৫০৩টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই নির্বাচন হচ্ছে। শিশুকাল থেকে গণতন্ত্রের অভ্যাস গড়ে তোলাসহ বিভিন্ন উদ্দেশ্যে গত বছর পরীক্ষামূলকভাবে ২০টি উপজেলায় বাছাই করা ১০০ প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে ছাত্র পরিষদ গঠিত হয়।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে কিছু বিদ্যালয়ে ১২ থেকে ১৬ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে। অধিদপ্তরের উপপরিচালক মো. ফসিউল্লাহ প্রথম আলোকে বলেন, আজকেই সিংহভাগ বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নিয়ম অনুযায়ী তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এই নির্বাচনে প্রার্থী ও ভোটার। এই তিনটি শ্রেণী থেকে কমপক্ষে দুজন করে প্রতিনিধি নিয়ে সাত সদস্যের ছাত্র পরিষদ গঠিত হবে। তবে প্রতিটি শ্রেণী থেকে দুজন করে (একজন ছাত্র ও একজন ছাত্রী) সহযোগী প্রতিনিধি মনোনীত করা যাবে। এসব প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধিদের সহযোগিতা করবে। নির্বাচিত প্রতিনিধিরা পরিষদের প্রথম সভায় কাউন্সিলপ্রধান মনোনীত এবং নিজেদের মধ্যে দায়িত্ব বণ্টন করবে। পরিষদের মেয়াদ এক বছর।এই নির্বাচিত পরিষদ বিদ্যালয়ের সাতটি প্রধান কাজ তদারক করবে। সেগুলো হলো: পরিবেশ, বই ও শিখন সামগ্রীর অবস্থা পর্যবেক্ষণ, স্বাস্থ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড, পানি সরবরাহের অবস্থা, দুপুরের খাবার এবং অভ্যর্থনা ও আপ্যায়নের ব্যবস্থা।