প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি নিয়োগে আমার সম্পৃক্ততা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি নিয়োগ নিয়ে আদালতে মামলা দায়ের এবং বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। শহরের হাজীপাড়া এলাকায় সাংসদের বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সাংসদ মতিউর রহমান বলেছেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি নিয়োগে আমার কোনো সম্পৃক্ততা নেই। নীতিমালা অনুয়ায়ী সব নিয়োগ দিতে আমি সংশ্লিষ্টদের বলে দিয়েছি। এতে কোনো অনিয়ম সহ্য করা হবে না। তার পরও একটি মহল এর সঙ্গে জড়িয়ে আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমি শহরে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করব না। সব দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে আমি সোচ্চার। এ কারণেই ওই চক্র আমার ওপর ক্ষুব্ধ।’ সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আপ্তাবউদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা-আইনজীবী আলী আমজাদ ও সুরেশ চন্দ্র দাস, রইছ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু রায়, যুবলীগের কেন্দ্রীয় নেতা পীর ফজলুর রহমান মিসবাহ প্রমুখ উপস্থিত ছিলেন।