প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ১৭টি পদ শূন্য
সিলেটের বিশ্বনাথে দেড় বছর ধরে শূন্য উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ। এ ছাড়া, পাঁচটি সহকারী শিক্ষা কর্মকর্তা ও ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে খালি। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।উপজেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, ২০১১ সালের জুলাই মাস থেকে শিক্ষা কর্মকর্তার পদটি শূন্য। উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তার সাতটি পদের মধ্যে পাঁচটিই শূন্য। দুজন সহকারী শিক্ষা কর্মকর্তাকে পালন করতে হচ্ছে সাতজনের দায়িত্ব। এর মধ্যে আবার একজন পালন করছেন ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার দায়িত্বও। উপজেলায় ১২৬টি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে ১০০ সরকারি ও ২৬টি রেজিস্টার্ড। রয়েছে ৪৮টি কিন্ডারগার্টেন স্কুল। দীর্ঘদিন ধরে উপজেলার ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই চলছে এসব বিদ্যালয়ের কার্যক্রম। এতে ব্যাহত হচ্ছে বিদ্যালয়গুলোর পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম।উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়া প্রথম আলোকে বলেন, শিক্ষকদের পদোন্নতি বর্তমানে বন্ধ আছে। তাই প্রধান শিক্ষকের ১২টি পদ শূন্য রয়েছে। পাঁচটি পদে নিয়োগের প্রক্রিয়া চলছে।