সংসদীয় কমিটির সভায় মন্ত্রণালয়ের তথ্য
প্রাথমিক বিদ্যালয়ে ৩৭ হাজার প্রহরী ও ২০ হাজার শিক্ষক নিয়োগ হবে
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ২০ হাজার খণ্ডকালীন শিক্ষক নিয়োগ করা হবে। একই সঙ্গে স্থায়ীভাবে নিয়োগ করা হবে ৩৭ হাজার ৬৭২ জন নৈশপ্রহরী। দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে প্রহরী কাজ করবেন। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সভায় আরও জানানো হয়, ছুটি ও অন্যান্য কারণে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা দূর করার জন্য সরকার খণ্ডকালীন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী সময়ে যোগ্যতার ভিত্তিতে এসব শিক্ষকের মধ্য থেকে স্থায়ী নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া যেসব প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য, সেগুলো পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়।সভায় জানানো হয়, নৈশপ্রহরী না থাকায় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো অরক্ষিত থাকে। অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে সীমানা দেয়াল না থাকায় নেশাসক্তসহ অপরাধীরা ভবনে অবস্থান করে। এ ছাড়া চুরির আশঙ্কা থাকে। এমতাবস্থায় প্রতিটি বিদ্যালয়ে একজন করে নৈশপ্রহরী নিয়োগ দেওয়ার কথা সভায় জানানো হয়। সভায় প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ ও গুণগত মান নিশ্চিত করতে যথাসময়ে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করার সুপারিশ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপারে শিক্ষকদের মনোযোগ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। সভায় বেসরকারি প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট (সংশোধন) বিল, ২০১০ চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে কমিটির সদস্য আতিউর রহমান সাংবাদিকদের জানান, প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকের সংকট রয়েছে। অনেক স্কুলে কোনো শিক্ষক অসুস্থ হলে ক্লাস বন্ধ হয়ে যায়। এ জন্য কমিটি গত বছরই প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত শিক্ষকদের পাশাপাশি খণ্ডকালীন শিক্ষক নিয়োগের সুপারিশ করেছিল। মন্ত্রণালয় এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নিয়েছে বলে সভায় জানানো হয়েছে।কমিটির সভাপতি দেওয়ান ফরিদ গাজীর সভাপতিত্বে সভায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, আফাজ উদ্দিন আহমেদ, আবদুল মান্নান, তালুকদার মোহাম্মদ ইউনুস, খাদিজা খাতুন এবং জোবেদা খাতুন অংশ নেন। প্রাথামকি ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় যোগ দেন।