প্রথম শ্রেণিতে ভর্তির চাপ কমাতে দেশব্যাপী অতিরিক্ত ৩৯ হাজার তিনটি শ্রেণিকক্ষ তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। জাতীয় সংসদে গতকাল বুধবার প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
এ সম্পর্কে এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে গণশিক্ষামন্ত্রী বলেন, সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা প্রতিবছর বাড়ছে। কিন্তু বিদ্যালয়গুলোতে আসনসংখ্যা বাড়ছে না। সে জন্য সরকার শ্রেণিকক্ষ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে ১২ হাজার শ্রেণিকক্ষ তৈরি করা হয়েছে।
ওয়ারেসাত হোসেনের প্রশ্নের জবাবে পূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ঢাকা শহরে রাজউকের অনুমোদন-বহির্ভূতভাবে নির্মিত ভবনের সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজার। ২০১৪ সালে ডিসেম্বর পর্যন্ত ৭০টি ভবনের অবৈধ অংশ উচ্ছেদ করা হয়েছে।
অধিবেশনের শেষ পর্বে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনা শেষে সংসদের অধিবেশন ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।