প্রাথমিক বিদ্যালয়ের অভাবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বদরগঞ্জ পৌরশহর থেকে তিন কিলোমিটার দূরে যমুনেশ্বরী নদীর পাড়ের ফেসকিপাড়া গ্রামে কোনো বিদ্যালয় নেই। এতে এই গ্রামের শিশু-কিশোরেরা পড়ালেখা করার সুযোগ পাচ্ছে না।খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামের দক্ষিণে দুই কিলোমিটার দূরে বদরগঞ্জ আহম্মেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমে তিন কিলোমিটার দূরে বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও যমুনেশ্বরী নদীর ওপারে দেড় কিলোমিটার দূরে মধুপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয় অবস্থিত।ফেসকিপাড়া গ্রামের দিনমজুর মকবুল আলী (৪২) বলেন, ‘স্কুল তো অনেক দূরোত। ছইল অত দূর হাঁটি যাবার পায় না। সারা দিন বাড়িত ঘুরি বেড়ায়।’ গ্রামের ভ্যানচালক ইদ্রিস আলীর (৩০) তিন সন্তান ও দিনমজুর মকবুল আলীর (৩৫) তিন সন্তান স্কুলে যায় না। তাঁদের শিশু সন্তানেরা অন্যের বাড়িতে গরু-ছাগল চরানোর কাজ করে।গ্রামবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামে প্রায় দেড় হাজার মানুষের বসবাস। শতাধিক শিশু-কিশোর আছে। এরা কেউ স্কুলে যায় না। তবে সন্তানের ভবিষ্যৎ নিয়ে তাঁরা মোটেও উদ্বিগ্ন নন। সরেজমিনে দেখা গেছে, গ্রামে বৈদ্যুতিক বাতির আলো ছড়িয়েছে। তবে বেশির ভাগ মানুষ গরিব। গ্রামের মাহবুব হোসেন বলেন, ‘এখানে একটি ব্র্যাক স্কুলের কার্যক্রম আছে। কিন্তু সবাই সেখানে পড়ার সুযোগ পায় না।’ আকবর আলী, জসিম হোসেন, সিরাজুল ইসলামসহ কয়েকজন জানান, গ্রামের বেশির ভাগ মানুষ নিরক্ষর ও অসচেতন। গ্রাম থেকে বিদ্যালয় দূরে থাকায় সন্তানদের পড়াশোনা করাতে কেউ আগ্রহ দেখায় না। অসচেতনতার কারণে গ্রামে বাল্যবিবাহের প্রবণতাও বেশি।এলাকার সাবেক পৌর কাউন্সিলর হান্নান বাবু বলেন, ‘ফেসকিপাড়া গ্রামটি এক যুগ আগে বদরগঞ্জ পৌরসভার অন্তর্ভুক্ত হয়। কিন্তু এখন পর্যন্ত সেখানে একটি প্রাথমিক বিদ্যালয় না হওয়ায় অভিভাবকেরা সন্তানদের স্কুলে পড়াতে আগ্রহী হয়ে ওঠেনি।’ মহিলা কাউন্সিলর শাহনাজ পারভিন বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার পর পৌরসভার পক্ষ থেকে সেখানে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা করেছি। কিন্তু জমি না পাওয়ায় তা সম্ভব হয়নি।’ পৌর মেয়র উত্তম কুমার সাহা বলেন, ‘ওই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা জরুরি। নইলে সেখানকার শিশুরা নিরক্ষর থেকে যাবে।’বদরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হরিশংকর রায় বলেন, ‘সেখানে সবার সহযোগিতা নিয়ে একটি প্রাথমিক বিদ্যালয় করা উচিত।’