প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান
নির্মাণের পর ১৮ বছরেও সংস্কার হয়নি। নির্মাণেও ছিল নানা ধরনের ত্রুটি। এ কারণে ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। ছাদ ও বিমের রড বেরিয়ে গেছে। দরজা-জানালাও নেই। এটি অজপাড়াগাঁয়ের একটি বিদ্যালয়ের ভবন।বিদ্যালয়টি নড়াইলের সদর উপজেলার মির্জাপুর গ্রামে। এর নাম মুন্সি সাইদুর রহমান বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়। ভবনটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় ২০১১ সালের ২৪ এপ্রিল উপজেলা শিক্ষা কর্মকর্তা এখানে পাঠদান না করার জন্য নোটিশও দিয়েছিলেন। কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় এ জীর্ণশীর্ণ ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে ৭১ জন ছাত্রছাত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটির অবস্থা এতটাই খারাপ যে সামান্য বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে। তাই আকাশে মেঘ দেখলেই বিদ্যালয় ছুটি দেওয়া হয়।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহাদত হোসেন বলেন, ১৯৯৪ সালে বিদ্যালয়টি স্থাপন করা হয়। ওই বছরই বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়। গত বছরও এখানে ১০৪ জন শিক্ষার্থী ছিল। ভবন জরাজীর্ণ হওয়ায় অনেক শিক্ষার্থী চলে গেছে। এখন ৭১ জন শিক্ষার্থী আছে। বেসরকারি রেজিস্টার্ড উন্নয়ন প্রকল্পের কার্যালয়ে প্রতিবছর সাহায্য পেতে আবেদন করা হয়। গত ১৮ বছরে কোনো সাহায্য মেলেনি।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবকৃষ্ণ টিকাদার বলেন, জরাজীর্ণ স্কুল ভবনের চিত্র তুলে ধরে গত বছর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।